Image description

চীনে গিয়েও ইরান ইস্যুতে অনমনীয় অবস্থান ধরে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শুক্রবার ভোরে বেইজিং থেকে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চলবে। এ থেকে ধারণা করা হচ্ছে যুদ্ধবিরতির মধ্যেও তিনি পুনরায় হামলা চালানোর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন।

 

একই সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে পতনশীল রাষ্ট্র বলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনেরও সমালোচনা করেন। ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট শি যুক্তরাষ্ট্রের সেই অবিশ্বাস্য উত্থানের কথাই বলছিলেন, যা ট্রাম্প প্রশাসনের ১৬ মাসে বিশ্ব দেখেছে। এর মধ্যে রয়েছে সর্বকালের উচ্চ শেয়ারবাজার ও অবসরভাতা তহবিল, সামরিক বিজয়, ভেনেজুয়েলার সঙ্গে সমৃদ্ধ সম্পর্ক এবং ইরানের সামরিক ধ্বংসযজ্ঞ, যা চলবে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।

চীন সফরে যাওয়ার আগেই ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার ইরান যুদ্ধ বিষয়ক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেন, আলোচনায় অগ্রগতি হচ্ছে। তবে ইরান ট্রাম্পের নির্ধারিত রেড লাইন অর্থাৎ পারমাণবিক অস্ত্র না রাখার শর্ত — মেনে চলবে কি না, তা এখনও অনিশ্চিত।

ট্রাম্পের চীন সফরের প্রথম দিনে ইরান যুদ্ধ বিষয়ক আলোচনার ইঙ্গিত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দ্বিতীয় দিনের আলোচনায় ইরান যুদ্ধ গুরুত্ব পাবে। চীনের সঙ্গে আলোচনার পর ট্রাম্পের মনোভাব বদলে যাবে কিনা তার দিকে বিশ্ববাসীর নজর রয়েছে।