ইরানে যুদ্ধবিরতি বজায় রাখাকে উৎসাহিত করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না এবং সমুদ্রে বাণিজ্য পথগুলো (শিপিং রুট) অবশ্যই খুলে দেওয়া দরকার।
এর আগে বৃহস্পতিবার বেইজিংয়ে এক বৈঠকে চীনের শীর্ষ নেতা শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের যুদ্ধ নিয়ে আলোচনা করেন। শুক্রবার এ বিষয়ে জানতে চাইলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ওই মন্তব্য করেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, ওই মুখপাত্র বলেন, ‘এই যুদ্ধ, যা কখনোই হওয়া উচিত ছিল না, তা দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নেই। যত দ্রুত সম্ভব এর সমাধান খুঁজে বের করা যুক্তরাষ্ট্র ও ইরানের পাশাপাশি ওই অঞ্চলের অন্যান্য দেশ এবং পুরো বিশ্বের জন্যই মঙ্গলজনক হবে।’
তিনি আরও বলেন, যেহেতু যুদ্ধবিরতির ফলে আলোচনার একটি সুযোগ তৈরি হয়েছে, তাই সেই দরজা আর ‘বন্ধ করা উচিত হবে না’।
আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া দিয়ে সামুদ্রিক রুটগুলো যত দ্রুত সম্ভব ফের উন্মুক্ত করা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল ও কার্যকর রাখতে যৌথ প্রচেষ্টা চালানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, শি জিংপিং ও ট্রাম্প দ্বিপক্ষীয় ও বিশ্বের স্বার্থসংশ্লিষ্ট প্রধান প্রধান বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং ‘বেশ কিছু নতুন সমঝোতায়’ পৌঁছেছেন।
এর আগে বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তি সম্পাদনে সহায়তার প্রস্তাব দিয়েছেন শি জিনপিং। এ ছাড়া ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় বলেও চীনা প্রেসিডেন্ট একমত পোষণ করেছেন।