Image description

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। দেশটির তেল রপ্তানি ব্যাহত করার চেষ্টার অভিযোগে জাহাজটি আটক করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

ইরানি কর্তৃপক্ষের দাবি, বার্বাডোজের পতাকাবাহী ট্যাংকারটি ইরানের তেল বহন করছিল।

একই সঙ্গে আঞ্চলিক পরিস্থিতির সুযোগ নিয়ে ইরানের তেল রপ্তানিতে ক্ষতি ও বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছিল বলেও অভিযোগ করা হয়।
 

ইরানের একটি আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানায়, জাহাজটিকে ইরানের দক্ষিণ উপকূলে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

‘ওশান কোই’ নামের ওই ট্যাংকারটি গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আসে। তবে কী কারণে জাহাজটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

 

এই ঘটনা এমন সময়ে ঘটল, যখন হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ বেড়েছে। 

 

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে তেহরান। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে যাতায়াত করত।