Image description

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে যে লেবাননে থাকা ইসরায়েলি ট্যাংকে হামলা চালিয়েছে তারা। খবর আলজাজিরার। হিজবুল্লাহ এক বিবৃতিতে এমন দাবি করেছে।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের বিইয়াদা শহরে একটি ইসরায়েলি ‘মেরকাভা’ ট্যাংকে হামলা চালানো হয়েছে।

 

গোষ্ঠীটি জানিয়েছে, বিইয়াদা এলাকায় চালানো ওই হামলায় ট্যাংকটিতে সরাসরি আঘাতও করতে পেরেছে।

এ ছাড়া দেইর সিরিয়ান এলাকায় ইসরায়েলের একটি ডি-৯ বুলডোজারেও হামলা চালানোর দাবি করেছে তারা।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, দক্ষিণ লেবাননে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন হামলায় তাদের চার সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

 

এদিকে গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল। যুদ্ধবিরতির মাঝেই বুধবার (৬ মে) লেবাননের রাজধানী বৈরুতে প্রথমবার বিমান হামলা চালিয়েছে দখলদার দেশটি। হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। 

বৃহস্পতিবার (৭ মে) ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে চালানো হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছেন।

খবর রয়টার্সের। তবে হিজবুল্লাহ বা লেবানন সেনাবাহিনী এখনো এটি নিশ্চিত করেনি।

 

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোও হিজবুল্লাহ কমান্ডার নিহতের দাবি করেছে। গত মাসে সম্মত হওয়া যুদ্ধবিরতির পর লেবাননের রাজধানীতে এটিই প্রথম ইসরায়েলি হামলা।

 

এই হামলার ফলে যুদ্ধবিরতি প্রক্রিয়া ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে, যা এত দিন বন্ধ ছিল। যদিও ইসরায়েলি বাহিনী লিতানি নদীর দক্ষিণের এলাকাগুলোতে সেনা মোতায়েন রেখেছে। দক্ষিণ লেবাননে হামলাও চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলি হামলার জবাবে ইরানের মিত্র হিজবুল্লাহ ইসরায়েলি সৈন্যদের অবস্থান লক্ষ্য করে গুলি ও সশস্ত্র ড্রোন হামলা চালিয়েছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে চলতি বছরই একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তির আশা প্রকাশ করেছিলেন। কিন্তু বৈরুতে এই নতুন হামলা সেই আশার ওপর কালো ছায়া ফেলেছে। 

এর আগে গেল বুধবার ইসরায়েল দক্ষিণ লেবাননের লিতানি নদীর উত্তরে অবস্থিত বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। এতে ওই সব এলাকায় ইসরায়েলের নতুন করে অভিযান শুরুর  ইঙ্গিত বহন করে।

ইসরায়েল দাবি করছে, উত্তর ইসরায়েলকে নিরাপদ রাখতে তারা লেবাননের অভ্যন্তরে ১০ কিলোমিটার এলাকাজুড়ে একটি নিরাপত্তা অঞ্চল তৈরি করেছে।

তবে বৈরুতের প্রাণকেন্দ্রে হামলা চলায় এই সংঘাত পুনরায় বড় আকারের যুদ্ধে রূপ নেয় কি না, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।