Image description

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ছোট আকারের ৭টি যুদ্ধ নৌযান ধ্বংস করা হয়েছে।

সোমবার দেয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “ইরান ওই অঞ্চলে বিভিন্ন দেশের জাহাজে আক্রমণের চেষ্টা চালাচ্ছিল। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার একটি পণ্যবাহী জাহাজও ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মার্কিন বাহিনী পাল্টা ব্যবস্থা নেয় এবং ইরানের কয়েকটি ছোট বোট ডুবিয়ে দেয়।”

তিনি আরও জানান, দক্ষিণ কোরিয়ার জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। একই সঙ্গে তিনি এই ধরনের সামরিক অভিযানে দক্ষিণ কোরিয়াকে যুক্ত হওয়ার আহ্বান জানান।

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাডলি কুপার জানান, অ্যাপাচি ও সি-হক হেলিকপ্টার ব্যবহার করে ইরানের অন্তত ৬টি বোট ধ্বংস করা হয়েছে।

তিনি দাবি করেন, ইরান ওই এলাকায় ক্রুজ মিসাইল ও ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছিল।

যদিও ট্রাম্প ইরানের নৌ সক্ষমতা প্রায় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন, মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের রেভল্যুশনারি গার্ডের কাছে এখনও কিছু ছোট নৌযান রয়েছে, যা প্রণালিতে চলাচলে বিঘ্ন ঘটাতে পারে।

বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করছে। এই মিশনে প্রায় ১৫ হাজার সেনা, শতাধিক বিমান এবং একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে অনিশ্চয়তা বিরাজ করছে।

শীর্ষনিউজ