Image description

ইরানের নৌবাহিনীর সব যুদ্ধজাহাজ ধ্বংস করতে মার্কিন সামরিক বাহিনী সক্ষম হয়নি বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, ইরানের নৌশক্তিকে পুরোপুরি পরাজিত করার দাবি করা হলেও এখনো হরমুজ প্রণালিতে তাদের কিছু ‘ফাস্ট অ্যাটাক বোট’ বা দ্রুতগামী যুদ্ধযান সক্রিয় রয়েছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের ‘অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটি’র এক শুনানিতে ড্যান কেইন আরও বলেন, ‘ইরানের কাছে এখনো ছোট ও অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন কিছু যুদ্ধযান রয়ে গেছে।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে বেশ কিছু আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা মূলত শেষ হয়ে গেছে এবং তাদের নৌবাহিনীর যা কিছু অবশিষ্ট আছে তা–ও ধ্বংস করার অঙ্গীকার করেন তিনি।

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন
মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনফাইল ছবি: রয়টার্স

ট্রাম্প বলেছিলেন, ‘ইরানের নৌবাহিনীর যা অবশিষ্ট আছে তা হলো শুধু কিছু ছোট নৌকা, আমরা সেগুলোও ধ্বংস করে দেব।’ তিনি আরও ধারণা করেন, যুদ্ধবিরতির সুযোগে ইরান হয়তো আবারও অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছে। এ ছাড়া ইরানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প দাবি করেন, ‘দেশটির প্রকৃত নেতা কে, তা এখন কেউ নিশ্চিতভাবে জানেন না।’

উল্লেখ্য, এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন বাহিনী ইরানের ১৫৯টি জাহাজ ডুবিয়ে দিয়েছে, যা ছিল দেশটির নৌবাহিনীর সার্বিক সক্ষমতা। কিন্তু পেন্টাগনের নতুন তথ্য ট্রাম্পের সেই দাবিকে নাকচ করে দিল।

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর