Image description
আইআরজিসির হুশিয়ারি

ইরানের জন্য পরিস্থিতি এখনও ‘যুদ্ধকালীন’ এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় চলছে সার্বক্ষণিক নজরদারি। দেশটির ইসলামি বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ফারস নিউজ।

ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ‘আমাদের জন্য পরিস্থিতি এখনও যুদ্ধকালীন। পর্যবেক্ষণ ও নজরদারি কার্যক্রম চলছে নিরবচ্ছিন্নভাবে।’

সতর্ক করেছেন ওই মুখপাত্র, ‘যদি নতুন কোনো পদক্ষেপ নেয় শত্রুপক্ষ, তবে তাদের মোকাবিলা করা হবে নতুন সরঞ্জাম, পদ্ধতি ও রণক্ষেত্রের মাধ্যমে।’

এর আগে হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে ইরান অনুরোধ জানিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে তেহরান, চেষ্টা করছে নেতৃত্ব সংকট মোকাবিলার।

প্রসঙ্গত, গতকাল সোমবার নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ইরান, যেখানে মূল গুরুত্ব দেওয়া হয়েছে হরমুজ প্রণালি খুলে দেওয়ার ওপর। তবে পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র, নিষেধাজ্ঞা ও অন্যান্য জটিল বিষয়গুলো তুলে রাখা হয়েছে পরবর্তীতে আলোচনার জন্য।

তবে ইঙ্গিত পাওয়া গেছে, এ প্রস্তাবে না করে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সিএনএন।