Image description

যুক্তরাষ্ট্রে অত্যাধুনিক গবেষণার সঙ্গে যুক্ত ১০ থেকে ১২ ব্যক্তির রহস্যজনক পরিস্থিতিতে মারা যাওয়া অথবা নিখোঁজ হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সবচেয়ে গোপনীয় পারমাণবিক ও মহাকাশ-সংক্রান্ত তথ্যভান্ডারের কিছু অংশে প্রবেশাধিকার ছিল এসব বিজ্ঞানীর। সত্য উদ্ঘাটনে হোয়াইট হাউস সব কৌশল কাজে লাগাবে বলে জানিয়েছেন ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লিভিট। গত শুক্রবার লিভিট জানান, ট্রাম্প এফবিআইকে এই তদন্তে অন্তর্ভুক্ত করেছেন। 

ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি আশা করেন, এটা অন্যান্য সাধারণ ঘটনার মতোই হবে। নিখোঁজদের মধ্যে কয়েকজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং আমরা খুব দ্রুতই বিষয়টি খতিয়ে দেখছি। 

তালিকায় যারা আছেন 
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে একজন হলেন ৪৮ বছর বয়সী স্টিভেন গার্সিয়া। তিনি কানসাস সিটি ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসে একজন সরকারি কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন। তিনি ২০২৫ সালের আগস্টে আলবুকার্কে নিজের বাড়ি থেকে নিখোঁজ হন। তাঁর ফোন, মানিব্যাগ ও চাবি– সব বাড়িতেই পাওয়া যায়। শুধু তাঁর হ্যান্ডগানটি পাওয়া যায়নি।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিউ মেক্সিকোতে নিজের বাড়ি থেকে নিখোঁজ হন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম ম্যাককাসল্যান্ড। তিনি রাইট-প্যাটারসন বিমানঘাঁটিতে অবস্থিত এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরির সাবেক কমান্ডার ছিলেন। তাঁর স্ত্রী ৯১১ নম্বরে ফোন করে বলেছিলেন, তাঁর স্বামী আত্মগোপনের পরিকল্পনা করেছিলেন, যেন কেউ তাঁকে খুঁজে না পায়।
লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী অ্যান্থনি চাভেজ এবং একই পারমাণবিক অস্ত্র গবেষণাগারের প্রশাসনিক সহকারী মেলিসা ক্যাসিয়াস ২০২৫ সালে নিখোঁজ হন। তারা হেঁটে বাড়ি থেকে বেরিয়ে যান। সঙ্গে কোনো ব্যক্তিগত জিনিসপত্র নেননি। 

৬০ বছর বয়সী নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির পরিচালক মনিকা জাসিন্টো রেজা ২০২৫ সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিং করতে গিয়ে নিখোঁজ হন।
২০২৩ সালের পর ওই ল্যাবের আরও দুজন বিজ্ঞানী– ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড এবং মাইকেল হিকস মারা যান। তাদের মৃত্যুর ক্ষেত্রে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়নি। মৃত্যুর কারণও প্রকাশ করা হয়নি।
এমআইটির প্লাজমা সায়েন্স অ্যান্ড ফিউশন সেন্টারের পরিচালক নুনো লোরেইরো ২০২৫ সালের ডিসেম্বরে তাঁর নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির জ্যোতির্পদার্থবিজ্ঞানী কার্ল গ্রিলমায়ার গত ফেব্রুয়ারিতে নিজ বাড়ির বারান্দায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।