যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, কয়েকটি নৌযান এই পথ পার হওয়ার সুযোগ পেলেও যুক্তরাষ্ট্র এখনও ইরানি বন্দর ও নৌযানগুলোর ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করেনি।
আইআরজিসি আরও স্পষ্ট করেছে যে, এই প্রণালির দিকে এগিয়ে আসা যেকোনও নৌযানকে বর্তমানে ‘শত্রুপক্ষের সহযোগী’ হিসেবে বিবেচনা করা হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সংবাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
ইরানের এই ঘোষণার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে সতর্ক করে তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে তারা ওয়াশিংটনকে ‘ব্ল্যাকমেল’ করতে পারবে না। ট্রাম্প জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যাবতীয় লেনদেন ও শর্ত শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত মার্কিন নৌ-অবরোধ পুরোপুরি বহাল থাকবে।
বিপ্লবী গার্ড বাহিনীর কঠোর অবস্থানের বিপরীতে কিছুটা ভিন্ন সুর লক্ষ্য করা গেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সংগতি রেখে বাণিজ্যিক নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি ‘পুরোপুরি উন্মুক্ত’ রয়েছে। তবে উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানিয়েছেন, একটি অভিন্ন কাঠামোতে একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনও আলোচনার সুযোগ নেই।
এই পরিস্থিতির মধ্যেই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া নতুন প্রস্তাবগুলো তারা বর্তমানে মূল্যায়ন করে দেখছে।