আফগানিস্তানে একটি পিকনিক স্পটে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার হেরাত প্রদেশের এনজিল জেলায় এই বন্দুক হামলা হয়। প্রাদেশিক কর্মকর্তারা প্রথমে জানিয়েছিলেন, হামলায় চারজন নিহত হয়েছেন। তবে পরে তারা জানান, গুরুতর আহত আরো সাতজন মারা গেছেন।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, মোটরসাইকেলে চড়ে আসা ‘অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা’ দেহ মেহরি গ্রামের কাছে একটি পিকনিক স্পটে গুলি চালায়। এই বিনোদন এলাকাটি সাধারণত শুক্রবারে জনাকীর্ণ থাকে।
হেরাতের একজন ডাক্তার বিবিসিকে জানিয়েছেন, হামলারর শিকার সবাই একটি স্থানীয় মাজারে পিকনিক করতে গিয়েছিলেন। আফগানিস্তানে শিয়া মুসলিমরা একটি সংখ্যালঘু এবং অতীতেও তারা হামলার শিকার হয়েছেন।
হেরাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি বলেছেন, ঘটনাটি স্থানীয় সময় বেলা ৩টার দিকে ঘটে।