Image description

লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের চলমান হামলাকে ‘সমষ্টিগত শাস্তি’ বা ‘গণশাস্তি’ হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি অভিযোগ করেন, ইসরায়েলি বাহিনী লেবাননের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে আঘাত হানছে। এর ফলে দেশটির সরকার এবং সাধারণ মানুষ—উভয়েই চরম বিপাকে পড়েছে। বিশেষ করে যারা বোমাবর্ষণের এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের জন্য পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

ইতিমধ্যে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রেসিডেন্ট জানান, মহাসড়কসহ বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় মানবিক সহায়তা কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে ত্রাণ পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

প্রেসিডেন্ট আউন দক্ষিণাঞ্চলে ইসরায়েলের এই পরিকল্পিত হামলার তীব্র নিন্দা জানান। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ইসরায়েল সেখানে একটি অঘোষিত ‘বাফার জোন’ বা নিরাপত্তা বলয় তৈরির চেষ্টা করছে। এটি ভবিষ্যতে বড় ধরনের স্থল অভিযানেরই একটি পূর্বলক্ষণ হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

 

সূত্র : গালফ নিউজ