রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়মদের ঘর। ঘরের আসবাবপত্র, বই-খাতা থেকে শুরু করে ভাইয়ের কয়েক দিন আগে কেনা ৫০ হাজার টাকার কম্পিউটার-কিছুই রক্ষা পায়নি। আগুনের পর এখন তার কাছে অবশিষ্ট আছে শুধু স্কুলের পোশাক আর ব্যাগ। এর মধ্যেই আগামীকাল থেকে স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে।
আগুনে ঘরের সব হারানোর পরও বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে মরিয়ম। তবে পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে সেই স্বপ্ন পূরণ নিয়ে শঙ্কিত সে।
মরিয়ম মহাখালী মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বুধবার সকালে সে যখন স্কুলে ছিল, তখন এক বান্ধবীর মা ফোন করে জানায়, বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়েই বাড়ির দিকে ছুটে যায় সে। কিন্তু আগুনের কারণে ঘরে ঢুকতে পারেনি। পরে নিজের চোখেই দেখে, পুড়ে গেছে তাদের সবকিছু।
মরিয়ম বলে, ‘আমি স্কুলে ছিলাম। আমার এক বান্ধবীর মা ফোন দিয়ে বলল, আমাদের বাসায় আগুন লেগেছে। আমি দৌড়ে বাসায় আসি। কিন্তু ভেতরে ঢুকতে পারিনি। এসে দেখি, সব পুড়ে গেছে।’
ঘরের শোকেস, টেলিভিশন, র্যাক, ড্রাম, বই-খাতা-কিছুই অবশিষ্ট নেই। কয়েক দিন আগে তার ভাইয়ের জন্য ৫০ হাজার টাকা দিয়ে একটি কম্পিউটার কেনা হয়েছিল। সেটিও পুড়ে গেছে। মরিয়মের কাছে এখন শুধু স্কুলের পোশাক আর ব্যাগটিই আছে।
আগামীকাল তাদের স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। আগুনে ঘরের অনেক কিছু পুড়ে গেলেও স্কুলব্যাগে থাকায় প্রবেশপত্রসহ কিছু প্রয়োজনীয় কাগজপত্র রক্ষা পেয়েছে। তবে এমন পরিস্থিতিতে পড়াশোনা কীভাবে চালিয়ে যাবে, তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে তার।
মরিয়মের মা ফেরদৌসী বেগম জানান, তারা প্রায় ১০ বছর ধরে মহাখালীর সাত তলার বস্তির একটি ঘরে বসবাস করছেন। তার স্বামী ব্যবসা করেন, আর তিনি পোশাক কারখানায় কাজ করেন। সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র ধীরে ধীরে সংগ্রহ করেছিলেন। কিন্তু আগুনে সব হারিয়ে এখন কোথায় থাকবেন, তা নিয়েই অনিশ্চয়তায় পড়েছেন তারা।
ফেরদৌসী বেগম বলেন, ‘আমরা ১০ বছর ধরে এই জায়গায় থাকি, এক বাসায়ই ১০ বছর ধরে। এখন কোথাও তো কিছু করতে পারছি না। এখন আল্লাহ যেখানে রাখে, সেখানেই থাকতে হবে। থাকার কোনো ব্যবস্থা আছে কি না, তাও জানি না। সবকিছু পুড়ে গেছে, কিছুই বের করতে পারিনি।’
তিনি জানান, ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল মিলিয়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার সম্পদ ছিল। আগুনে সব পুড়ে যাওয়ায় এখন নতুন করে সংসার গোছানো নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।
তবে এত কিছুর মধ্যেও মরিয়মের স্বপ্ন বড় হয়ে চিকিৎসক হওয়ার। কিন্তু পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে সেই স্বপ্ন পূরণ নিয়ে শঙ্কিত সে।
মরিয়ম বলে, ‘ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, কিন্তু মনে হয় না হতে পারব। আসলে দারিদ্র্যের কারণে মানুষের অনেক শখ পূরণ করতে পারে না।’
বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ১ ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বস্তির শতাধিক পরিবারের কাঁচা ও আধা পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।