মনোনয়ন ফরম বিক্রি করে প্রার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহের প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনো অনুষ্ঠিত হয়নি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন। কয়েক দফায় নির্বাচনী তফসিল ঘোষণা ও পরিবর্তন করা হলেও শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় পুরো কার্যক্রম। এর মধ্যে নির্বাচনে অংশ নিতে ফরম সংগ্রহ করা অনেক প্রার্থীর ছাত্রত্ব শেষ হয়েছে। কেউ কেউ পড়াশোনা শেষ করে চাকরিতেও যোগ দিয়েছেন। দীর্ঘদিন নির্বাচন আটকে থাকায় প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি ফরম বিক্রি করে সংগ্রহ করা অর্থের হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ব্রাকসুর পাশাপাশি তিনটি আবাসিক হল সংসদের নির্বাচন আয়োজনের পরিকল্পনা ছিল। হলগুলো হলো—মুখতার ইলাহী হল, বিজয়-২৪ হল ও ফেলানী হল। কেন্দ্রীয় সংসদে ১৩টি এবং প্রতিটি হল সংসদে নয়টি করে মোট ২৭টি পদে নির্বাচন হওয়ার কথা ছিল। সে হিসাবে কেন্দ্রীয় ও তিনটি হল সংসদ মিলিয়ে মোট ৪০টি পদে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
একটি প্যানেলের ফরম কিনতেই ব্যয় ১৩ হাজার ৩০০ টাকা
নির্বাচনে কেন্দ্রীয় সংসদের প্রতিটি পদের মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৪০০ টাকা। আর হল সংসদের প্রতিটি পদের ফরমের মূল্য ছিল ৩০০ টাকা। সে হিসাবে কেন্দ্রীয় সংসদের ১৩টি পদের ফরম কিনতে একজন প্রার্থীর প্যানেলের ব্যয় হতো ৫ হাজার ২০০ টাকা। অন্যদিকে তিনটি হল সংসদের ২৭টি পদের ফরম কিনতে খরচ পড়ত ৮ হাজার ১০০ টাকা। সব মিলিয়ে কেন্দ্রীয় ও তিনটি হল সংসদের ৪০টি পদের পূর্ণাঙ্গ প্যানেলের মনোনয়ন ফরম সংগ্রহে ব্যয় হতো ১৩ হাজার ৩০০ টাকা।
সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, শিবির-সমর্থিত একটি প্যানেল থেকে কেন্দ্রীয় ও তিনটি হল সংসদ মিলিয়ে প্রায় ৪০টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছিল। একইভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সমর্থিত আশিকুর রহমান আশিকের নেতৃত্বাধীন প্যানেল থেকেও প্রায় ৪০টি ফরম নেওয়া হয়। সে হিসাবে শুধু এই দুই প্যানেলের ফরম বিক্রি থেকেই প্রায় ২৬ হাজার ৬০০ টাকা সংগ্রহ হওয়ার কথা। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও ফরম কিনেছিলেন। ফলে সব মিলিয়ে সংগৃহীত অর্থের পরিমাণ আরও বেশি হতে পারে।
ড্রাগ টেস্ট ও হল ক্লিয়ারেন্সেও খরচ
নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের পাশাপাশি প্রত্যেককে বিশ্ববিদ্যালয়ের বাইরের একটি মেডিকেল প্রতিষ্ঠান থেকে ড্রাগ টেস্ট করাতে হয়েছিল। এ পরীক্ষার জন্য প্রত্যেক প্রার্থীকে ব্যক্তিগতভাবে প্রায় এক হাজার টাকা খরচ করতে হয়েছে। তবে এ অর্থ বিশ্ববিদ্যালয় বা নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি। প্রার্থীরা নিজেদের উদ্যোগে বাইরের মেডিকেল প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করিয়েছেন।
এ ছাড়া আবাসিক হলের শিক্ষার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহের পর হল ক্লিয়ারেন্স নিতে হয়েছে। কোনো শিক্ষার্থীর হলে বকেয়া থাকলে তা পরিশোধ করে ক্লিয়ারেন্স সংগ্রহ করতে হয়েছে। ফলে ফরমের মূল্য, ড্রাগ টেস্ট এবং হলের বকেয়া পরিশোধসহ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে গিয়ে প্রার্থীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে।
ছাত্রত্ব শেষ, চাকরিতে সাবেক ভিপি প্রার্থী
নির্বাচন আয়োজনের দীর্ঘসূত্রতার প্রভাব পড়েছে প্রার্থীদের ব্যক্তিগত জীবনেও। প্রায় এক বছর আগে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করা অনেক শিক্ষার্থীর ছাত্রত্ব এরই মধ্যে শেষ হয়েছে। তাঁদের কেউ কেউ পড়াশোনা শেষ করে কর্মজীবনেও প্রবেশ করেছেন।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী রহমত আলী ব্রাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে সম্প্রতি পড়াশোনা শেষ করে তিনি চাকরিতে যোগ দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন চাকরি-বাকরি নিয়ে আছি। এসব নিয়ে এখন আর বলার কিছু নেই। সে সময় নানা টালবাহানা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন দেয়নি।’
তৎকালীন সম্ভাব্য ভিপি প্রার্থীদের মধ্যে আরও একজন এরই মধ্যে চাকরিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে। দীর্ঘদিন নির্বাচন স্থগিত থাকায় আগের প্রার্থীদের অনেকের জন্য নির্বাচনে অংশ নেওয়ার বাস্তবতা বদলে গেছে। এখন নতুন করে নির্বাচন আয়োজন করা হলে তাঁদের প্রার্থিতা বা অংশগ্রহণের সুযোগ কীভাবে নির্ধারণ করা হবে, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
গঠনতন্ত্র সংশোধনের দাবি, ফরম কেনেনি ছাত্রদল
ব্রাকসু নির্বাচনের আগে ছাত্র সংসদের গঠনতন্ত্রে বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি রয়েছে দাবি করে তা সংশোধনের আহ্বান জানিয়েছিল ছাত্রদল। একই সঙ্গে সংসদের পদসংখ্যা ও ক্ষমতা বাড়ানোর দাবিও তোলে সংগঠনটি। এসব দাবি পূরণ না হওয়ায় তখন তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, ‘ব্রাকসুর সংবিধানে বেশ কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। সেগুলো সংশোধন করে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া উচিত। আমরা ছাত্রদলের পক্ষ থেকে এ দাবি জানিয়ে আসছি। পাশাপাশি পদসংখ্যা বৃদ্ধি করতে হবে এবং ছাত্র সংসদের যে ক্ষমতা, তা আরও বাড়াতে হবে। কারণ, ছাত্র সংসদের ক্ষমতা খর্ব করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা খুব শিগগিরই বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসব এবং তাদের মতামত নেব।’
‘ব্রাকসুর কথা মনে পড়লে দীর্ঘশ্বাস ফেলতে হয়’
নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিবির-সমর্থিত ভিপি প্রার্থী ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমেদুল হক আলবি। তিনি বলেন, ‘ব্রাকসুর কথা মনে পড়লে দীর্ঘশ্বাস ফেলতে হয়। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কত আন্দোলন-সংগ্রামই না করতে হয়েছে! কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। কারণ, ভিসি যেকোনো মূল্যে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছেন।’
তিনি আরও অভিযোগ করে বলেন, ‘পরিস্থিতি এমন ছিল যে, নির্বাচনের পরও তাকে ক্ষমতায় থাকতে হবে। তাই শিক্ষার্থীদের অধিকার খর্ব করে হলেও তিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন। আর এর সঙ্গে ছিল ছাত্রদল। ব্রাকসু বানচাল করার জন্য তারা কোনো চেষ্টাই বাকি রাখেনি।’
মনোনয়ন ফি নিয়েও প্রশ্ন তোলেন আলবি। তিনি বলেন, ‘ভিসিসহ এই প্রশাসন ব্রাকসুর কথা বলে তা বাস্তবায়ন না করে বরং প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন ফি নিয়েছে। আমরা জানি না, আমাদের কাছ থেকে নেওয়া সেই ফি কী কাজে ব্যয় করা হয়েছে! এটাকে তো আত্মসাতের অভিযোগ হিসেবেও দেখা যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘শুধু মনোনয়ন ফি-ই নয়, শিক্ষার্থীরা ভর্তির সময় নিয়মিত ছাত্র সংসদের জন্য নির্ধারিত ফি দিয়ে আসছে। সেই টাকাগুলোর কী হচ্ছে?’
‘টাকা হিসাব অফিসে রয়েছে’, দাবি নির্বাচন কমিশনারের
ব্রাকসুর জন্য মনোনয়ন ফরম বিক্রি করে সংগ্রহ করা অর্থের বর্তমান অবস্থা জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার মাসুদ রানা বলেন, ‘ব্রাকসুর টাকা হিসাব অফিসে আছে।’
নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যখনই চাইবে, তখনই ব্রাকসু নির্বাচন হবে।’
অন্যদিকে ব্রাকসু নির্বাচন ও মনোনয়ন ফরমের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘শিক্ষার্থীরা যেদিন চাইবে, সেদিনই ব্রাকসু নির্বাচন হবে। আর যে টাকা রয়েছে, তা খুব শিগগিরই ফেরত দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘অনেকের ছাত্রত্ব শেষ হয়ে গেছে। তাদের প্রার্থিতা বাতিল হবে। সবকিছু ঠিকঠাক হলে পুনরায় নির্বাচনী কার্যক্রম শুরু করতে হবে।’
এদিকে ব্রাকসু নির্বাচনের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ‘শিক্ষার্থীরা জানে নির্বাচন কবে হবে।’