জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রাজেশ কুমার দেব। তিনি আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন-জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক সমাজের (জবিস্বাশিস) রানিং কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
আওয়ামী লীগপন্থি এই শিক্ষককে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ দেওয়ায় শিক্ষার্থী ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন আলোচনা-সমালোচনা ও ক্ষোভ তৈরি হয়েছে। প্রসাশনের এমন সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন শাখা ছাত্রদলের নেতারা।
সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী, পরবর্তী দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রাজেশ কুমার দেবকে পরবর্তী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশটি ১৭ নভেম্বর ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।
এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এদিকে, নিয়োগের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তের সমালোচনা করছেন শিক্ষার্থীরা। শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুবকর খান এক ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে লিখেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পরিষ্কারভাবে বলতে চাই, অতিদ্রুত আপনাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করুন। এটা শহীদ সাজিদের ক্যাম্পাস।
প্রসাশনের এমন সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে ক্যাম্পাস উচ্ছৃঙ্খল করার হুঁশিয়ারি দিয়ে মি. খান লিখেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না হলে, যদি জবিতে নতুন কোনো মবের পরিস্থিতি তৈরি হয়, তার একমাত্র দায়ভার জবি বর্তমান প্রশাসনের।
ক্ষোভ প্রকাশ করে আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী রাব্বি শেখ বলেন, একদিকে ছাত্রদল ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বিতাড়িত করার কথা বলছে, অন্যদিকে উপাচার্য গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের পদায়ন করছেন।
এমন একজন শিক্ষককে সহকারী প্রক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে বসানোর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে রাব্বি বলেন, ভবিষ্যতে ছাত্রদল কোনো আওয়ামী লীগপন্থি শিক্ষককে আটক করলে তাকে ছাড়িয়ে নিতেই কি রাজেশ কুমারকে এ পদে বসানো হয়েছে? প্রশাসন তাকে সরিয়ে দেবে, নাকি আওয়ামী লীগপন্থিদের পুনর্বাসনে ব্যবহার করবে, তা স্পষ্ট করতে হবে।
শীর্ষনিউজ