Image description

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আপত্তিকর অবস্থায় আটক শিক্ষার্থী প্রেমিক যুগলকে বিয়ে না দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উভয় পরিবারের উপস্থিতিতে আলোচনা সাপেক্ষে মুচলেকায় ছেড়ে দেয় প্রক্টরিয়াল বডি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আলোচনায় বসে কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতিসহ সহকারী প্রক্টররা।

এর আগে শুক্রবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেসের পাশে কাঁঠালবাগান থেকে তাদের আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করে স্থানীয়রা। তাৎক্ষণিক পরিবারের উপস্থিতিতে বিয়ে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আজ উভয় পরিবারের সঙ্গে আলোচনায় বসে তাদের জিম্মায় দুজনকে ছেড়ে দেয় প্রশাসন।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, উভয় পরিবারের সঙ্গে আলোচনা করে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, ছেলে-মেয়ে দুজনকে পরিবারের জিম্মায় দেওয়া এবং দ্বিতীয়ত, শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।