কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে ‘মুজিব শতবর্ষে’র লোগো এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা স্লোগান ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজে। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে ওই ফরমে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হলে শিক্ষার্থী ও স্থানীয়দের বিষয়টি নজরে আসে। পরে ভর্তি ফরমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভর্তি ফরমের ওপরের অংশে ‘মুজিব শতবর্ষ’র লোগো রয়েছে। একই ফরমে লেখা হয়েছে, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, বর্তমান রাজনৈতিক বাস্তবতার মধ্যেও এ ধরনের লোগো ও স্লোগানসংবলিত ফরম ব্যবহার প্রতিষ্ঠানের ভেতরে রাজনৈতিক প্রভাবের বিষয়টি সামনে এনেছে।
তাদের দাবি, প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কয়েকজনের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই এমন ঘটনা ঘটেছে
ঘটনাটি নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ভুঁইয়া এবং কলেজ শাখার ইনচার্জ আবুল কালাম আজাদ একে অপরের ওপর দায় চাপিয়েছেন।শরিফুল ইসলাম ভুঁইয়া চান্দলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি; আবুল কালাম আজাদ আওয়ামী লীগের সমর্থক।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ভুঁইয়া বলেন, কলেজে ভর্তি নিয়ে কোনো সভা না করেই কলেজ শাখার ইনচার্জ আবুল কালাম আজাদ তাকে না জানিয়ে একক সিদ্ধান্তে ভর্তি কার্যক্রম শুরু করেছেন।
তিনি বলেন, ‘ফরমে কী আছে, তা আমার জানা নেই। বিষয়টি নিয়ে কমিটির সভাপতির সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’
অন্যদিকে আবুল কালাম আজাদ বলেন, ভর্তি-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত তিনি একা নেননি। ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু করা হয়েছে।
ফরমে ‘মুজিব শতবর্ষে’র লোগো ও শেখ হাসিনার স্লোগান কীভাবে এসেছে, জানতে চাইলে তিনি বলেন, ‘ফরমের বিষয়টি কম্পিউটার অপারেটরের ভুলে হয়ে থাকতে পারে। এ বিষয়ে অধ্যক্ষ মহোদয় সঠিকভাবে বলতে পারবেন।’
ঘটনার প্রতিবাদ জানিয়েছেন চান্দলা ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান।
তিনি বলেন, ‘ভর্তি ফরমে মুজিব শতবর্ষ আর শেখ হাসিনার উক্তি ব্যবহার করার মতো ধৃষ্টতা কীভাবে দেখানো হলো, তা তদন্ত করে দেখা দরকার। অবিলম্বে এ ঘটনার জন্য কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি আবুল বাশার সরকার।
তিনি বলেন, ‘আমাদের সন্তানদের এত আন্দোলনের পর এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কলেজ শাখার ইনচার্জ আবুল কালাম আজাদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বলা হয়েছে।’
তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল করিম বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। এ বিষয়ে অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে।
তিনি বলেন, ‘অধ্যক্ষ জানিয়েছেন, দুইজন শিক্ষক এ কাজ করেছেন। তাদের শো-কজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।’
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং ভর্তি ফরমে রাজনৈতিক স্লোগান ও মুজিব শতবর্ষের লোগো ব্যবহারের জন্য কারা দায়ী, তা তদন্তের পরই স্পষ্ট হবে।