Image description

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণের পর দেশের ১১টি শিক্ষা বোর্ডে প্রায় ১৩ লাখ উত্তরপত্র নতুন করে যাচাই করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন করেছেন শিক্ষার্থীরা।

এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে তাদের পুনর্নিরীক্ষণের ফল দেখতে পারবে।’

কোন শিক্ষাবোর্ডে কত খাতা চ্যালেঞ্জ বা পুনঃমূল্যায়ন
ঢাকা শিক্ষাবোর্ডে আনুমানিক ২ লাখ ৭৭ হাজার ৬০০টি; ময়মনসিংহ শিক্ষাবোর্ডে ৭১ হাজার ৬৬টি; চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১ লাখ ১৪ হাজার ৭০৬টি; রাজশাহী শিক্ষাবোর্ডে রিটেনের জন্য আবেদন পড়েছে মোট ৯৮ হাজার ১৭০টি, ব্যবহারিকে ২৪ হাজার ৫৮টি; যশোর শিক্ষাবোর্ডে মোট ৭৪ হাজার ৭১৭টি; বরিশাল শিক্ষাবোর্ডে ৫০ হাজার ১৫৩টি; সিলেট শিক্ষাবোর্ডে রিটেনে মোট ৫০ হাজার ৭১০টি, আর ব্যাবহারিকে ১০ হাজার ২৬৪টি; দিনাজপুর শিক্ষাবোর্ডে মোট ৮৯ হাজার ২৮৬টি খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন পড়েছে। 

এ ছাড়াও কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডের এসএসসির পুনঃমূল্যায়ন খাতার সঠিক সংখ্যাটা জানা যায়নি। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দেওয়া তথ্য অনুযায়ী এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের জন্য মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন পড়েছে।

একাদশ শ্রেণিতে ভর্তি
২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি ২ সেপ্টেম্বর (বুধবার) থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ১০ সেপ্টেম্বর রাত আটটা পর্যন্ত। আবেদন ফি ২২০ টাকা। সব কার্যক্রম শেষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।