ভর্তি কার্যক্রম নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) ও তিতুমীর কলেজ প্রশাসনের সমন্বয়হীনতায় ভোগান্তিতে পড়েছেন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। ডিসিইউ থেকে ভর্তি-সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হলেও তিতুমীর কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো ভর্তি বিজ্ঞপ্তি ও প্রয়োজনীয় ফরম প্রকাশ না করায় শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হচ্ছে না।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিতুমীর কলেজ ক্যাম্পাসে দেখা যায়, দূরদূরান্ত থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে কলেজে এসেছেন। তবে সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করলে তাদের জানানো হচ্ছে, কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো ভর্তি-সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বিজ্ঞপ্তি ও ফরম প্রকাশের পরই ভর্তি কার্যক্রম শুরু করা হবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ডিসিইউর পক্ষ থেকে ভর্তি-সংক্রান্ত নোটিশ প্রকাশের পর তারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কলেজে আসেন। তবে কলেজে এসে ভর্তি কার্যক্রম শুরু না হওয়ায় তাদের অনেকে বিপাকে পড়েছেন। দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে আবারও কলেজে আসতে হতে পারে বলে তারা জানান।
এ বিষয়ে একাধিক বিভাগের অফিস সহায়কদের সঙ্গে কথা বলে জানা যায়, কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো ভর্তি-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশের পর সংশ্লিষ্ট বিভাগগুলোতে ভর্তি কার্যক্রম শুরু হবে।
অফিস সহায়কদের দাবি, কলেজের অধ্যক্ষ এখনো ক্যাম্পাসে না আসায় ভর্তি-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে। অধ্যক্ষ ক্যাম্পাসে এসে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং এরপরই ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
২০২৫-২৬ সেশনে ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হতে ইচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘বিভাগ থেকে আমাদের জানানো হয়েছে, এখনো ভর্তি-সংক্রান্ত কোনো নোটিশ দেওয়া হয়নি। নোটিশ প্রকাশের পরই ভর্তি কার্যক্রম শুরু হবে। তাই নোটিশ না দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।’
ইংরেজি বিভাগে ভর্তি হতে ইচ্ছুক রাকিবুল হাসান বলেন, ‘কলেজ প্রশাসন এখন পর্যন্ত শুধু অজুহাত দিচ্ছে যে, তারা কোনো নোটিশ দেয়নি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) থেকে ভর্তির নোটিশ দেওয়া হলেও তিতুমীর কলেজ প্রশাসন আমাদের ভর্তি নিচ্ছে না।’
ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ভর্তি হতে আসা এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘ফাইন্যান্স বিভাগ থেকে প্রথমে জানানো হয়েছে, তারা ভর্তি নেবে না। পরে আমরা প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে চাইলে কলেজে গিয়ে তাকে পাইনি। এদিকে কেউ কেউ বলছেন, বিদ্যুৎ না থাকায় ভর্তি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলা থেকে বলা হয়েছে ভর্তি নেওয়া হবে, আবার প্রথম তলা থেকে বলা হয়েছে ভর্তি নেওয়া হবে না। ফলে আমরা অনেক দূর থেকে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছি।’
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের ভর্তি কাজ চলছে।
প্রসঙ্গত, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) এক বিজ্ঞপ্তিতে প্রথমে ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত ভর্তি কার্যক্রম চলার কথা জানায়। পরবর্তী সময়ে সময়সীমা বাড়িয়ে ১৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে বলে জানানো হয়।