Image description

রাজধানীর পল্লবীতে অবস্থিত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গেলে শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেও অভিযোগ করেছেন তার সহপাঠীরা।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগী খান তানজিদ আহমেদ বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশেনোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পল্লবী থানায় দায়ের করা লিখিত অভিযোগে তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে মিরপুরের সেকশন-১২, ব্লক-সি, রোড-১ এলাকায় হাঁটার সময় এক ব্যক্তি কথা বলার অজুহাতে তাকে পাশের একটি গলিতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আরও দুই ব্যক্তি অবস্থান করছিলেন। তিনজন মিলে ছুরির মুখে তাকে জিম্মি করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং ফোনের লক খুলতে বাধ্য করেন। এরপর তার কাছে থাকা নগদ টাকাও নিয়ে যায়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ঘটনাস্থল থেকে চলে যেতে বলা হয়। ছিনতাইকারীরা স্থানীয় হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি। 

এদিকে ঘটনার পর ভুক্তভোগীর কয়েকজন সহপাঠী আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের উদ্দেশ্যে ঘটনাস্থলে যান। তাদের অভিযোগ, ওই সময় সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। তাদের দাবি, ঘটনার তদন্ত ব্যাহত করতে এবং শিক্ষার্থীদের ভয় দেখাতেই এ হামলার চেষ্টা করা হয়েছে।

এ বিষয়ে জানতে আজ শনিবার (২৭ জুন) রাতে পল্লবী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, থানায় প্রতিদিন অনেক অভিযোগ আসে, কে কখন কোন অভিযোগ দেয় বলা মুশকিল। তাই বিষয়টি এই মুহুর্তে বলা সম্ভব নয়।