Image description

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। সাময়িক বহিষ্কৃত এই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র।

পৃথক দুটি অফিস আদেশের তথ্য অনুযায়ী বহিষ্কৃতরা হলেন ফিশারিজ অনুষদের ২৬ ব্যাচের শিক্ষার্থী কাউসার এবং একই অনুষদের ২৫ ব্যাচের দুই শিক্ষার্থী মনিরুল ও রবিউল, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২৫ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান।

আদেশে উল্লেখ করা হয়েছে যে গত ১৬ মে এই তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী হ্যাভেন সিটি ছাত্রাবাসে পরস্পরের সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। 

এই আচরণ বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অব স্টুডেন্টস ডিসিপ্লিনের ১৫ ধারা অনুযায়ী অনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত হওয়ায় তাদের বিরুদ্ধে সাময়িক এই বহিষ্কারের সিদ্ধান্ত জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান বলেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে তাদের স্থায়ী বহিষ্কার করা হবে ।