Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গেস্টরুম ও গণরুমের মাধ্যমে অতীতে শিক্ষার্থীদের ওপর চালানো নির্যাতনের বিচার এবং আবাসন সংকট নিরসনের দাবিতে উপাচার্য অধ্যাপক ড এ বি এম ওবায়দুল ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নেতারা এ কথা জানান।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘অতীতে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গেস্টরুম ও গণরুমের মাধ্যমে ভিন্নমতের শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এতে অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবন ব্যাহত হয়েছে এবং অনেকে পড়াশোনা শেষ করতে পারেনি। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

তিনি বলেন,‘ আমরা ৫ আগস্ট-পরবর্তী সময়েও আগের প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। বর্তমান প্রশাসনের কাছে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিষয়টি তদন্তের আহ্বান জানাই।’

নাহিদুজ্জামান শিপন অভিযোগ করেন, ‘একটি ছাত্রসংগঠন ছাত্রশিবির, যারা অতীতে গেস্ট রুম ও গণরুমের নির্যাতনের সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তা অস্বীকার করে উল্টো ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে আমাদের কাছে প্রমাণ রয়েছে।’

আবাসন সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোপুরি আবাসিক না হওয়ায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের সিট প্রদানকে কেন্দ্র করে অতীতে গেস্ট রুম ও গণরুম সংস্কৃতি গড়ে ওঠে। তাই প্রথম বর্ষের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে সিট দিতে হবে এবং যাদের সিট দেওয়া সম্ভব নয়, তাদের জন্য আবাসনবৃত্তি সহায়তার ব্যবস্থা করতে হবে।’

সংবাদ সম্মেলনে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, গেস্টরুম ও গণরুমের নামে অতীতে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানো হতো, যা তাদের জীবনে বিভীষিকাময় অভিজ্ঞতা তৈরি করেছে। এই সংস্কৃতির পুনরাবৃত্তি হবে না বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে এবং কোনো সংগঠনের কর্মকাণ্ড যেন সাধারণ শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।