গ্রেপ্তার এড়াতে শেষ মুহূর্তে নিজের মোবাইল থেকে সামাজিক মাধ্যমের বিভিন্ন তথ্য মুছে ফেলেছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। তথ্যপ্রযুক্তির সহায়তায় মুছে ফেলা তথ্যের বেশ কিছু অংশ উদ্ধার করেছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্ধার হওয়া তথ্যের মধ্যে রয়েছে জুলাই আন্দোলনের পক্ষে বিভিন্ন তারকার সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট, ছবি ও ভিডিও। ‘২৪ র বেঈমান’ নামে গুগল ড্রাইভে সংরক্ষিত একটি ফাইলেও এসব তথ্যের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা।
গতকাল বুধবার রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে রাত সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় গিয়ে তার ফ্ল্যাটের সামনে অবস্থান নেন গোয়েন্দারা। তবে দরজা না খুলে পুলিশ সদস্যদের বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেন তিনি। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকালে জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে এনামুল হককে হত্যাচেষ্টার মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের সময় জ্যোতি তার মোবাইল থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমের তথ্য মুছে ফেলেছিলেন। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় সেসব তথ্যের বেশ কিছু অংশ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে তার গুগল ড্রাইভে ‘২৪ র বেঈমান’ নামে একটি ফাইল পাওয়া যায়। সেখানে জুলাই আন্দোলনের পক্ষে সামাজিক মাধ্যমে বিভিন্ন তারকার দেওয়া পোস্ট, ছবি ও ভিডিও ফুটেজ সংরক্ষিত ছিল।
উদ্ধার হওয়া তথ্যের তালিকায় রয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, আয়মান সাদিক, মৌসুমী হামিদ, সুনেরাহ্ বিনতে কামাল, অভিনেতা সৈয়দ জামান শাওন, অভিনেত্রী মুমতাহিনা টয়া ও খায়রুল বাশারসহ শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ। এ ছাড়া গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের ফেসবুক আইডিতে বাংলাদেশের মানচিত্রসংবলিত লাল প্রোফাইল ছবি, উপস্থাপক সোনিয়া রিফাতের একটি পোস্ট এবং অভিনেত্রী দীপা খন্দকার ও বিজরী বরকতুল্লাহর ফেসবুক পোস্টের স্ক্রিনশটও সংরক্ষিত ছিল। পাশাপাশি আরও কয়েকজন তারকার ফেসবুক আইডির স্ক্রিনশট পাওয়া গেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, ভাটারা থানায় জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। ডিবির গুলশান বিভাগে তদন্তাধীন ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
বৃহস্পতিবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মুর্শিদুল আলম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকীও একই আবেদন জানান। তবে আসামিপক্ষে কোনো আবেদন করা হয়নি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তাদের ওপর গুলি চালানো হলে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারশ ব্যক্তিকে আসামি করে মামলা করেন এনামুল হক।
মামলায় জ্যোতিকা জ্যোতিসহ শোবিজ অঙ্গনের ১৭ জন তারকাকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া ও অভিনেতা জায়েদ খান।
মামলার অভিযোগে এসব তারকার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হয়নি। একই মামলায় অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।