Image description
হেলাল খান ও জয় চৌধুরী। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও নায়ক জয় চৌধুরীকে প্রকাশ্যে ‘ফ্যাসিস্ট’ বলে আক্রমণ করেছেন হেলাল খান। এ সময় জয় তাকে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করলে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। গত রবিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও সিনেমার মানুষদের মধ্যে এই দুইজনকে নিয়ে এখন বেশ চর্চা হচ্ছে। বিশেষ করে হেলাল খান এ নিয়ে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছেন।

নতুন প্রজন্মের অনেকেই হেলাল খানকে চেনে না বলেই জানা যায়। এক সময়ের জনপ্রিয় নায়ক তিনি। তবে বর্তমানে অভিনয়ের চেয়ে রাজনীতিতেই বেশি সক্রিয় এই অভিনেতা। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

নব্বইয়ের দশকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন হেলাল খান। ১৯৯৪ সালে গীতিকার ও প্রযোজক মাসুদ করিমের হাত ধরে ঢাকাই চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়েছিল। ‘প্রিয় তুমি’ চলচ্চিত্র দিয়ে অভিষেকের পর ‘বাজিগর’, ‘সাগরিকা’, ‘আশা আমার আশা’, ‘কুখ্যাত খুনি’,  ‘হাছন রাজা’, ‘মমতাজ’, ‘জুয়াড়ি’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

বিশেষ করে ‘সাগরিকা’ চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। এছাড়া ‘জুয়াড়ি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

 

কী ঘটেছিল সেদিন

ঘটনার সূত্রপাত এফডিসিতে আয়োজিত একটি মানববন্ধনকে কেন্দ্র করে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গত রবিবার (১৫ নভেম্বর) এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। পূর্বঘোষিত এ কর্মসূচিতে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও এফডিসির কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন হেলাল খান, সংগীতশিল্পী ও সুরকার ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার, মৌসুমী চৌধুরীসহ অনেকে। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও মানববন্ধনে অংশ নেননি জয় চৌধুরী ও চলচ্চিত্র শিল্পী সমিতির কয়েকজন সদস্য। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন হেলাল খান।