Image description

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানি। আজ শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ঘটনার কিছু সময় পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আসিফের ছবি ও ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি দিয়ে একটি পোস্ট দেন ওমর সানি। তিনি এই ঘটনাকে বিনোদন অঙ্গনের জন্য একটি খারাপ ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন।

ফেসবুক বার্তায় ওমর সানি লিখেছেন, গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ ভালো রাখুন তোমাকে।

 

পুলিশের তথ্য অনুযায়ী, হামলার সময় সংগীতশিল্পী আসিফ আকবর গাড়ির ভেতরে ছিলেন না। ফলে তিনি সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ রয়েছেন। তবে প্রকাশ্য দিবালোকে একজন জনপ্রিয় তারকার গাড়ি লক্ষ্য করে এমন গুলিবর্ষণের ঘটনায় শোবিজ অঙ্গনে আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার পেছনের কারণ ও এর সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

 
 

সামাজিক যোগাযোগমাধ্যমে ওমর সানির এই সহমর্মিতাপূর্ণ পোস্টটি ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। সাধারণ মানুষ ও বিনোদনপ্রেমীরা আসিফের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি অপরাধীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছেন।