Image description

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় তার বন্ধু হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় তার মা বাদী হয়ে গতকাল একটি মামলা করেন। মামলায় হাসিবুর রহমানকে একমাত্র আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ওসি বলেন, ‘ঘটনার দিন হাসিবুর রিধিকে দেখতে তার বাসায় এসেছিলেন। আমরা তাকে সেখান থেকেই গ্রেপ্তার করি। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।’

এর আগে শনিবার সকাল ছয়টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।

ওসি বলেন, ‘খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পাই। বর্তমানে তার মা ও পরিবারের সদস্যরা থানায় আছেন।’

পরিবারের সদস্যদের দেওয়া তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, একজনের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।