Image description

ভারতের দিল্লিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে আলিয়া লেখেন, গত কয়েক দিন তাঁকে যেমন কষ্ট দিয়েছে, তেমনি শিক্ষার্থীদের দৃঢ়তা আবার আশাও জুগিয়েছে।

তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি শিক্ষার্থীর পেছনে আছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অসংখ্য ত্যাগের গল্প। তারা শুধু নিজেদের জন্য নয়, আগামী প্রজন্মের জন্যও একটি ভালো শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছেন।

আলিয়ার বলেন, জবাবদিহির দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। দেশের ভবিষ্যৎ যাদের হাতে, তাদের মনোযোগ দিয়ে কথা শোনা উচিত।

গতকাল শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন সালমান খান। তিনি বলেন, আন্দোলনটি শান্তিপূর্ণ ছিল। পরে সেখানে সহিংসতার খবর তাঁকে ব্যথিত করেছে। আহত শিক্ষার্থী ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

সালমান খান বলেন, প্রশ্নপত্র ফাঁস গুরুতর একটি সমস্যা। দেশের শিক্ষার্থীরা উন্নত শিক্ষা ব্যবস্থার দাবিতে যেভাবে এক হয়েছে এবং তাঁদের অভিভাবকেরা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা আশাব্যঞ্জক।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরেছে। তাদের নিষ্ঠা, পরিশ্রম ও শিক্ষার প্রতি আগ্রহ ভবিষ্যতে দেশকে আরও এগিয়ে নেবে।

শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি এর আগে সমর্থন জানিয়েছেন বলিউডের আরও কয়েকজন তারকা। তাঁদের মধ্যে রয়েছেন আর. মাধবন, শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, ইমরান খান, অভয় দেওল, সোনাক্ষী সিনহা, হৃতিক রোশন ও রীতেশ দেশমুখ।