জয়া আহসান মানেই দর্শকদের জন্য নতুন কোনো চরিত্র, নতুন গল্প আর ভিন্ন এক আবেগের অভিজ্ঞতা। বাংলাদেশ ও কলকাতার পাশাপাশি বলিউডেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
শুক্রবার (২৬ জুন) প্রকাশ পেয়েছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’-এর ট্রেলার। এটি ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ ছবির দ্বিতীয় কিস্তি। ট্রেলারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে জয়া আহসান জীবনের জটিলতা ও সম্পর্কের পরিবর্তিত সমীকরণ নিয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন।
তিনি লিখেছেন, “জীবন কোনোদিনই সরল ছিল না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ।”
সম্পর্কের নানা স্তর নিয়ে তিনি আরও বলেন, “এই অনন্ত খোঁজের খেলায় কোনো প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না, সব গণ্ডি মুছে যায়। ‘আজও অর্ধাঙ্গিনী’ ঠিক এমনই সামনে এগিয়ে চলার এক কঠিন দলিল।”
আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। প্রথম কিস্তি ‘অর্ধাঙ্গিনী’ সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, অভিমান ও ক্ষমার মতো বিষয়কে সংবেদনশীলভাবে তুলে ধরে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।
এর আগে জয়া আহসান বলেছিলেন, “‘অর্ধাঙ্গিনী’ ছিল অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প। সেই গল্পের পরবর্তী অংশে কাজ করতে পারাটা আমার জন্য আনন্দের।”
সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে জয়া আহসানের সঙ্গে রয়েছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। নতুন করে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায় ও অম্বরীশ ভট্টাচার্য। ছবিটি মুক্তির পরই বোঝা যাবে প্রথম কিস্তির আবেগঘন যাত্রাকে নতুন অধ্যায় কতটা এগিয়ে নিতে পারে।