জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী এবার নোয়াখালীর আঞ্চলিক ভাষায় গান গেয়ে নতুনভাবে হাজির হয়েছেন। তার নতুন গান ‘নোয়াখাইল্যা মাইয়া’ ইতোমধ্যে শ্রোতাদের আগ্রহ কাড়তে শুরু করেছে।
ঐশী জানান, নোয়াখালীর মেয়ে হওয়ায় দীর্ঘদিন ধরেই নিজের আঞ্চলিক ভাষায় একটি গান করার ইচ্ছা ছিল তার। সেই ভাবনা থেকেই গানটি তৈরি হয়েছে।
তিনি উল্লেখ করেন, কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়িতে বসেই গানটির কথা লিখেছিলেন। পরে সেখানেই সুরও করেন। তার ভাষ্য, প্রথম যেভাবে সুর করেছিলেন, চূড়ান্ত রেকর্ডিংয়েও সেটিই রাখা হয়েছে। আলাদা কোনো সংশোধনের প্রয়োজন হয়নি।
‘নোয়াখাইল্যা মাইয়া’ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুরও করেছেন ঐশী নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন বিট বাবা। র্যাপে অংশ নিয়েছেন ব্ল্যাক জ্যাং ও ঐশী। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর।
ঐশী আগামীর সময়পকে বলছেন, গানটি খুব অল্প সময়ে আগে প্রকাশ হয়েছে এরইমধ্যেই আমি ইতিবাচক সাড়া পাচ্ছি। অনেকেই ইউটিউব ভিডিওর মন্তব্য বাক্সে গানটিকে আন্তর্জাতিক মানের হিসেবে উল্লেখ করছেন। এছাড়াও অনেকে আমাকে টেক্সট করেও গানের প্রশংসামূলক কথা লিখছেন। আমি ভীষণ আপ্লুত।
সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে গানটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামিন আহমেদ, মনিরুল আলম টিপু, এলিটা করিম, সাব্বির জামান, আয়েশা মৌসুমী ও নাদিয়া ডোরাসহ সংগীতাঙ্গনের আরও অনেকে।