Image description

বিনোদন ভুবনের তারকাদের নিয়ে বরাবরই ভক্তদের মধ্যে উন্মাদনা দেখা দেয়। প্রিয় তারকাকে এক পলক দেখার জন্য বা একটা সেলফি তুলতে উন্মুখ থাকেন সবাই। মাঝেমধ্যে ভক্ত-অনুরাগীদের পাগলামো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। শুক্রবার ঠিক এমনি এক পরিস্থিতির শিকার হয়েছেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম।

 

সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, করাচিতে লাইভ পারফরম্যান্সের মাঝখানে এক তরুণী ভক্ত মঞ্চে উঠে আতিফের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। শুরুতে খুশিমনে গান গাইতে গাইতে পোজ দিয়ে সেলফিও তোলেন আতিফ। কিন্তু ভক্তের লাগাতার অসংলগ্ন আচরণে এক পর্যায়ে বিরক্ত হয়ে যান।

 

উপস্থিত নিরাপত্তারক্ষীদের টিম দ্রুত মঞ্চে আসে তরুণীকে সরানোর জন্য। তরুণীও নাছোড়বান্দা। স্টেজ থেকে নেমে যাওয়ার বদলে আবারও এগিয়ে যান আতিফের কাছে। বারবার সেলফি তোলার চেষ্টা করায় এবং গান থামিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে স্টেজ ছাড়তে বাধ্য হন এ গায়ক। পরে নিরাপত্তা কর্মীরা এসে ওই তরুণীকে মঞ্চ থেকে সরিয়ে দেন।

 

দর্শকরা প্রথমে বিষয়টি উপভোগ করলেও গান থামতেই পরিস্থিতি গম্ভীর হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হলে সময় লাগেনি। বিরক্ত হলেও শান্ত মাথায় অবস্থা সামলানোর জন্য আতিফের প্রশংসাও করেন নেটিজেনরা।