বাংলাদেশের ব্যাংকিং খাতে রেজল্যুশন আইন একটি গুরুত্বপূর্ণ আইন। এর মূল উদ্দেশ্য হলো কোনো ব্যাংক আর্থিকভাবে দুর্বল হয়ে পড়লে বা আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ার ঝুঁকিতে পড়লে সেটিকে নিয়ন্ত্রিত উপায়ে পুনর্গঠন করা, যাতে ব্যাংকিং ব্যবস্থা ভেঙে না পড়ে এবং আমানতকারীদের স্বার্থ যতটা সম্ভব সুরক্ষিত থাকে।
সহজ ভাষায়, কোনো ব্যাংককে সরাসরি বন্ধ করে না দিয়ে সেটিকে উদ্ধার, পুনর্গঠন, অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করা বা প্রয়োজনে নিয়ন্ত্রিতভাবে অবসায়নের ব্যবস্থা করার আইনি কাঠামোই হলো ব্যাংক রেজল্যুশন।
পদ্মা ব্যাংকের ক্ষেত্রে এই আইন প্রয়োগের বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ ব্যাংকটির দীর্ঘদিনের আর্থিক দুর্বলতা, খেলাপি ঋণ এবং তারল্যসংকট ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম পরিচালনাকে কঠিন করে তুলেছে।
রেজল্যুশন আইন কীভাবে কাজ করে?
ব্যাংক রেজল্যুশনের প্রধান চারটি পদ্ধতি রয়েছে। এগুলো হচ্ছে-
* পুনর্গঠন: ব্যাংকের ঋণ, মূলধন, ব্যবস্থাপনা ও কার্যক্রম পুনর্বিন্যাস করে আবার সচল করার চেষ্টা।
* অন্য ব্যাংকের সঙ্গে একীভূতকরণ: দুর্বল ব্যাংককে তুলনামূলক সক্ষম কোনো ব্যাংকের সঙ্গে একীভূত করা।
* সম্পদ ও দায় স্থানান্তর: ব্যাংকের ভালো সম্পদ ও আমানতের দায় অন্য ব্যাংক বা প্রতিষ্ঠানের কাছে স্থানান্তর করা।
* অবসায়ন: ব্যাংককে আর চালানো সম্ভব না হলে নিয়ন্ত্রিতভাবে কার্যক্রম বন্ধ করে সম্পদ বিক্রি এবং আইন অনুযায়ী পাওনাদারদের দাবি নিষ্পত্তি করা। অর্থাৎ, রেজল্যুশন মানেই ব্যাংক বন্ধ করে দেয়া নয়। বরং ব্যাংকটির ভবিষ্যৎ কী হবে, তা নির্ধারণের একটি আইনি প্রক্রিয়া।
পদ্মা ব্যাংককে কেন এই আইনের আওতায় নেয়া হলো?
পদ্মা ব্যাংকের আগের নাম ছিল ফার্মার্স ব্যাংক। ২০১৩ সালে ব্যাংকটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই ঋণ অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা ও আর্থিক সংকটের অভিযোগ সামনে আসে।
২০১৯ সালে ব্যাংকটির নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়। কিন্তু নাম পরিবর্তন করেও আর্থিক সংকট কাটেনি।
এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে বিপুল পরিমাণ খেলাপি ঋণ, মূলধনের ভয়াবহ ঘাটতি এবং আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারা।
পদ্মা ব্যাংককে কী বাঁচানোর চেষ্টা করা হয়নি?
সরকার ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো পদ্মা ব্যাংককে বাঁচানোর চেষ্টা করেছিল। এর অংশ হিসেবে ২০১৯ সালে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক পদ্মা ব্যাংকে অর্থ বিনিয়োগ করে। এই ব্যাংকগুলো হলো- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক। রাষ্ট্রায়ত্ত এই চার ব্যাংকের সম্মিলিত অংশীদারত্ব প্রায় ৬৮ শতাংশ। এছাড়া সরকারি বিনিয়োগ সংস্থা আইসিবিও ব্যাংকটির শেয়ার কিনেছিল।
কিন্তু এত সহায়তার পরও ব্যাংকটির আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ২০২৪ সালে পদ্মা ব্যাংকের মালিকানা এক্সিম ব্যাংকের কাছে হস্তান্তরের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি।
বাংলাদেশ ব্যাংক ঠিক কী নতুন সিদ্ধান্ত নিয়েছে?
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংককে ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট, ২০২৬ এর আওতায় নেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এখন সম্ভাব্য যে পদক্ষেপ নেয়া হতে পারে, সেগুলো হলো- ব্যাংক পরিচালনার জন্য একজন প্রশাসক নিয়োগ, বর্তমান পরিচালনা পর্ষদ অপসারণ, ব্যাংকের সম্পদ ও দায়ের স্বাধীন নিরীক্ষা, নতুন বিনিয়োগকারী খোঁজা, অন্য ব্যাংকের কাছে সম্পদ ও দায় স্থানান্তর অথবা একীভূতকরণ এবং প্রয়োজন হলে ব্যাংক অবসায়ন করা।
তবে কোন পদ্ধতিতে পদ্মা ব্যাংককে পুনর্গঠন করা হবে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
পদ্মা ব্যাংকের গ্রাহকরা কী টাকা ফেরত পাবেন?
রেজল্যুশন প্রক্রিয়ার অন্যতম উদ্দেশ্য আমানতকারীদের স্বার্থ রক্ষা করা। তবে পদ্মা ব্যাংককে আইনটির আওতায় নেয়ার অর্থ এই নয় যে প্রত্যেক গ্রাহক অবিলম্বে তার পুরো টাকা ফেরত পাবেন। বরং কোন গ্রাহক কত টাকা এবং কখন ফেরত পাবেন, তা নির্ভর করবে চূড়ান্ত রেজল্যুশন পরিকল্পনা, সম্পদের মূল্যায়ন ও প্রযোজ্য আইনি বিধানের ওপর।
ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট ২০২৬ গুরুত্বপূর্ণ?
বাংলাদেশে আগে দুর্বল ব্যাংকের সংকট মোকাবিলায় একীভূতকরণ, তারল্য সহায়তা ও প্রশাসনিক হস্তক্ষেপের মতো ব্যবস্থা নেয়া হতো।
খেলা খবর
কিন্তু একটি ব্যাংক কার্যত অকার্যকর হয়ে গেলে তার সম্পদ, দায়, আমানতকারী এবং পাওনাদারদের কীভাবে সামগ্রিকভাবে সামলানো হবে, তার জন্য একটি বিশেষ আইনি কাঠামো প্রয়োজন ছিল।
২০২৫ সালের ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের ভিত্তিতে ২০২৬ সালে আইনটি প্রণীত হয়। এর উদ্দেশ্য ব্যাংকিং সংকট নিয়ন্ত্রণ, আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং পুরো আর্থিক ব্যবস্থায় সংকট ছড়িয়ে পড়া ঠেকানো।