পুরান ঢাকায় পাইকারি বাজারে ফলের যে দাম, সেটি পাশেরই খুচরা বাজারে হয়ে যায় প্রায় দ্বিগুণ। আমদানি করা ফলের দাম নিয়ে অনুসন্ধান করতে হয়ে পাইকারি ও খুচরা বাজারের এমন আকাশ-পাতাল ফারাক খুঁজে পেয়েছে ‘টাইমস’।
পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজার থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে লক্ষ্মীবাজার ও রায়সাহেব বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
দামের ব্যবধান নিয়ে ক্রেতারা প্রশ্ন তুললে আমদানিকারকরা দুষছেন ১২২ শতাংশ শুল্ক ও ভ্যাটকে। আর খুচরা বিক্রেতারা দায়ী করছেন পরিবহন খরচ, শ্রমিকের মজুরি, দোকানের ভাড়া এবং পচা ফলের লোকসানকে। তবে এসব খরচের আড়ালে কোন ধাপে ঠিক কত টাকা লাভ করা হচ্ছে, তার কোনো স্পষ্ট হিসাব নেই।
বুড়িগঙ্গার তীরের বাদামতলী পাইকারি বাজারে যেদিন লাল আপেল কেজিপ্রতি ১৮০ টাকা, চীনা কমলা ২১০ টাকা, সবুজ আঙুর ২২৫ টাকা এবং নাশপাতি ২২০-২২৫ টাকায় বিক্রি হয়েছে, সেদিনই ঠিক পাশেই সদরঘাটে আপেল বিক্রি হয়েছে ৩০০-৩৫০ টাকায়। আর কমলা ও নাশপাতি বিক্রি হয়েছে ২৮০-৩০০ টাকায়।
লক্ষ্মীবাজার ও রায়সাহেব বাজারে একই আপেল বিক্রি হয়েছে ৩৬০ টাকা পর্যন্ত–যা বাদামতলীর চেয়ে ১০০ শতাংশ বেশি। গুলিস্তানে দাম ছিল ৩২০ থেকে ৩৫০ টাকা। শহরের অন্যান্য বাজারে ও ফুটপাতে দাম ছিল আরও চড়া।
খুচরা বিক্রেতাদের ভাষ্য, পাইকারি বাজার থেকে ফল কেনার পর গাড়িভাড়া, কুলির মজুরি, দোকানভাড়া এবং পচা ফলের লোকসান পুষিয়ে নিতেই দাম বাড়াতে হয়। তবে এই খরচগুলো আসলে কত, তার সুনির্দিষ্ট কোনো অঙ্ক তারা বলতে পারেননি।
সদরঘাটের ফল বিক্রেতা আজহারুল ইসলাম বলেন, ‘কার্টন খুললেই দেখা যায় নিচে অনেক ফল পচে নষ্ট হয়েছে। আমাদের সেই লোকসান পোষাতে হয়, তাই প্রতি কেজিতে দাম একটু বাড়িয়ে রাখি।’
মতিঝিলের ফুটপাতের ফল বিক্রেতা সাইফুল ইসলাম জানান, ভালো ফল বেছে আলাদা করা এবং সুন্দর করে সাজানোর পেছনেও খরচ আছে। এসব কারণে বাদামতলীর চেয়ে কেজিতে ১০০-১৫০ টাকা বেশি দামে ফল বিক্রি করতে হয়।
গুলিস্তানের ভ্যানগাড়ি ও রাস্তার ফল বিক্রেতা মো. রফিকও গাড়িভাড়া আর নিজের পরিশ্রমের কথা বলে দাম বেশি রাখার পক্ষে যুক্তি দেখান।
মতিঝিলের একটি বেসরকারি অফিসের কর্মী ফারহানা ইয়াসমিন বলেন, অফিস শেষে ফল কিনতে গিয়ে দাম দেখে চোখ কপালে ওঠে। তার কথায়, ‘পাইকারি বাজারে যে ফল ২০০-২৫০ টাকা, খুচরা বাজারে এসে তা ৪০০ টাকার নিচে পাওয়া যায় না। শুধু পরিবহন খরচের অজুহাতে এই ব্যবধান কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
গুলিস্তানে ফল কিনতে আসা সোহানুর রহমান বলেন, নিয়মিত বাজার তদারকি না থাকায় পাইকারি ও খুচরা দামের এই ব্যবধানের পুরো চাপটাই পড়ছে সাধারণ মানুষের ওপর।
দেশের ফল বাজার অনেকাংশেই বিদেশ থেকে আমদানির ওপর নির্ভরশীল। বিভিন্ন তাজা ফলের ওপর শুল্ক ও করের সম্মিলিত হার প্রায় ১২২ শতাংশ। কিউই, ডুরিয়ান বা পারসিমনের মতো কিছু ফলের ক্ষেত্রে এই হার প্রায় ১৩০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে।
দক্ষিণ আফ্রিকা থেকে আনা এক কেজি কমলার আমদানি খরচ পড়ে প্রায় ৯০ টাকা। শুল্ক, কর ও অন্যান্য খরচ যোগ হওয়ার পর পাইকারি পর্যায়ে সেই কমলা দাঁড়ায় ২৫০-২৫৫ টাকা। অথচ কোনো কোনো খুচরা বাজারে সেই কমলা বিক্রি হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত।
নাম প্রকাশ না করার শর্তে বাদামতলীর এক আমদানিকারক জানান, তারা ও পাইকারি ব্যবসায়ীরা খুবই সামান্য লাভে ফল বিক্রি করেন। তাই দাম বাড়ার জন্য তাদের একা দায়ী করা অন্যায়।
পাইকারি বাজারে প্রতি কার্টন লাল আঙুর বিক্রি হচ্ছে দেড় হাজার থেকে দুই হাজার টাকায়, আপেল সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা, সাদা আঙুর এক হাজার ৬০০ থেকে দুই হাজার টাকা এবং কমলা সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকায়। তবে কার্টনগুলোর সঠিক ওজন ও ফলের মান পরিষ্কার না থাকায় পাইকারি দামের সঙ্গে খুচরা দামের একেবারে নিখুঁত হিসাব মেলানো যায় না।
সদরঘাটে ফল কিনতে আসা তাহমিদ আবদুল্লাহর দাবি, ‘আমদানিকারক, পাইকারি ও খুচরা–প্রতিটি স্তরেই কেনা দাম, বিক্রয় দাম ও লাভের একটা স্বচ্ছ হিসাব থাকা দরকার। পরিবহন বা পচা ফলের অজুহাত দেখিয়ে কেউ অতিরিক্ত লাভ করছে কি না, তা খতিয়ে দেখা উচিত।’