Image description

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটির দায়িত্ব পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় সারজিস আলম কার্যক্রম শুরুর ঘোষণা দেন। সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে তিনি লেখেন, ‘সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড; যারা প্রার্থী হতে চান, প্রস্তুতি নিন। আমরা আসছি আপনার খোঁজে...।’ দলটির পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে যোগ্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া যে দ্রুত শুরু হচ্ছে, তাঁর এই বক্তব্যে সেই ইঙ্গিতই পাওয়া গেছে।

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে গঠিত এই কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। কমিটির অন্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা। এছাড়া দলের সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদাধিকারবলে এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এই কমিটিকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। সংসদ নির্বাচনের পর স্থানীয় পর্যায়ের এই নির্বাচনে নিজেদের শক্তিশালী অবস্থান নিশ্চিত করতেই এনসিপি এই বিশেষ কমিটি গঠন করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

ইত্তেফাক