Image description

গণঅভ্যুত্থানোত্তর প্রেক্ষাপটে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণকারী সাংবাদিকদের পেশাগত ও স্বাধীন মতপ্রকাশের অধিকার খর্ব করার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি অভিযোগ করেছে, বর্তমান সরকারের অধীনে স্বাধীন গণমাধ্যমের ওপর এক ধরনের ‘মুজিবীয় ফ্যাসিবাদ’ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতারা অভিযোগ করে বলেন, বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান ‘এখন টেলিভিশন’-এর চার সাংবাদিককে গণভোট ও সংস্কারের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতপ্রকাশ করায় শোকজ করা হয়েছে। এ ছাড়াও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর এমডি মাহবুব মোর্শেদকে জোর করে অব্যাহতি দেওয়ার জন্য বিএনপিপন্থি কতিপয় সাংবাদিকের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে। নির্বাচিত সরকারের শপথ গ্রহণের মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহের প্রশ্নে জনমনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। 

ছাত্রশিবিরের নেতারা আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে যেভাবে গণমাধ্যমের টুঁটি চেপে ধরে দেশে একনায়কতন্ত্র কায়েম করা হয়েছিল, আজকের এই ঘটনাগুলো নতুন বাংলাদেশে আরেকটি মুজিবীয় ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ। এই ঘটনা গণমাধ্যমের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত সংস্কারের দাবিকে পাশ কাটিয়ে যাওয়ার এক হীন অপচেষ্টা বর্তমানে পরিলক্ষিত হচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সদ্য সমাপ্ত গণভোটে দেশের মানুষ ‘জুলাই সনদ’ ও সংস্কারের পক্ষে যে ঐতিহাসিক রায় দিয়েছে, বর্তমান সরকার তা মানতে অনীহা দেখাচ্ছে। একদিকে গণভোটের রায়কে অবজ্ঞা করা, অন্যদিকে গণমাধ্যম দখল ও উচ্চপর্যায়ে দলান্ধদের বসিয়ে জুলাইয়ের স্পিরিট লালনকারী সাংবাদিকদের টার্গেট করা- একই সূত্রে গাঁথা।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা জুলাইয়ের রক্তস্নাত আন্দোলনের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরে জাতিকে মুক্তি এনে দিতে অসামান্য ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি এমন বৈষম্যমূলক আচরণ নতুন বাংলাদেশে বরদাশত করা হবে না। তারা অবিলম্বে ফ্যাসিবাদবিরোধী ৫ সাংবাদিককে সসম্মানে স্বপদে পুনর্বহালের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

পরিশেষে, গণভোটে প্রদত্ত গণমানুষের রায় ও জুলাই সনদের প্রতিফলন ঘটিয়ে রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে সংগঠনটি।