Image description
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বেসরকারি ফলাফলে তিনটি কেন্দ্রে ৯টি ভোট পেয়েছেন গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম। মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ৭ ভোট, কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শূন্য (০) ভোট এবং শান্তিবাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুটি ভোট পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৩টি আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এমন চিত্র দেখা যায়।

এদিকে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। 

দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চার ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ এসেছে।

দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, দুপুর ২টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট কাস্টিং হয়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ।