বিভিন্ন ছাত্রাবাসে জামায়াত-শিবির নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় আছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মির্জা আব্বাস বলেন, নির্বাচনের আগের দিন আমরা ঈদের আগের দিনের মতোই উপভোগ করছি। ঠিক তখনই আমরা জানতে পারলাম এনসিপি ও জামায়াত-শিবির নেতাকর্মীরা বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে। ওখানে গিয়ে কী করছে বোঝা ডিফিকাল্ট। তখন আমাদের কর্মীরা তাদের ঘেরাও করে। এ সময় কয়েকজনকে আটকও করা হয়েছে। অনেক জায়গায় তারা পালিয়ে গেছে।
তিনি বলেন, ফকিরাপুল এবং আরামবাগের বিভিন্ন ছাত্রাবাসে সশস্ত্র অবস্থান করছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তারা কাল ভোট কেন্দ্রে যাবে। তবে রাত ১১টার পর যদি আবারও তারা কেন্দ্রে যায়, তাহলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
মির্জা আব্বাস আরও বলেন, আমার আসন নিয়ে বহু আগে থেকেই পূর্ব পরিকল্পনা ছিল তাদের। ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও কারচুপির আশঙ্কার কথা আগে থেকেই বলেছি আমি। আমরা চাই, সুষ্ঠু নির্বাচন হোক।