Image description

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীনকে আনুমানিক ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আটক বেলালের দাবি এগুলো তার ব্যবসার টাকা। নির্বাচনের ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকায় তিনি নগদে বহন করছিলেন।

জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ব্যক্তিগত ব্যবসার টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেয়ার চেষ্টা চলছে। 

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম। জব্দকৃত টাকা মেশিনে গণনা চলছে। 

আটকের পর বেলাল উদ্দিন ভিডিওতে বলেছেন, এটি তার গার্মেন্টস ব্যবসার টাকা। টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় তিনি নিজে বহন করছিলেন।

বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা।  তার বাবার নাম দবিরুল ইসলাম।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বিপুল টাকাসহ ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতা আটকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।