এবারের নির্বাচন হবে গুন্ডাতন্ত্র আর সন্ত্রাসতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষের গণজাগরণের নির্বাচন। যা বাংলাদেশের গণমানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেয়ার নির্বাচন- এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুরের শকুনি লেকপাড় মুক্তমঞ্চে মাদারীপুর-২ আসনের প্রার্থী মুফতি আব্দুস সোবহানের সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় মামুনুল হক বলেন, এ নির্বাচন হবে সংস্কারের নির্বাচন, পরিবর্তনের বাংলাদেশ গড়ার নির্বাচন। দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার ও ন্যায্য জীবনের অধিকার থেকে বঞ্চিত। এই নির্বাচন সেই বঞ্চনার অবসান ঘটানোর সুযোগ। ইনশাআল্লাহ সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাকিল আহমেদ, জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আবদুস সোবহান খান।
এছাড়া উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের প্রার্থী মুফতি আব্দুস সোবহান, মাদারীপুর-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মোকলেছুর রহমান, সেক্রেটারি এনায়েত হোসেনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।