আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক পরিচয়সংক্রান্ত জটিলতা দূর করতে যুক্তরাজ্যের সারে-ভিত্তিক ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মোজাম্মেল আলীকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখপাত্র হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা জানান, গোপালগঞ্জে তাঁর পৈতৃক নিবাস, যুক্তরাজ্য ও ইউরোপজুড়ে দীর্ঘদিন ধরে নেপথ্যে থেকে লবিং চালানোর অভিজ্ঞতার কারণেই তাকে বেছে নেওয়া হয়েছে।
আওয়ামী লীগ কেন তার ভূমিকাকে আনুষ্ঠানিক রূপ দিল
দীর্ঘ বছর ধরে সৈয়দ মোজাম্মেল আলী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে পর্দার আড়ালে থেকে নীরবে কাজ করেছেন এবং বিভিন্ন সাক্ষাৎকার ও আন্তর্জাতিক সংবাদ পরিবেশনে সহায়তা করতে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। দলটির একজন জ্যেষ্ঠ নেতা জানান, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চললেও কোনও আনুষ্ঠানিক পরিচয় বা দলীয় পদবি না থাকায় মূলধারার বিদেশি সংবাদমাধ্যমগুলোর সঙ্গে কাজ করতে গিয়ে তিনি নিয়মিত প্রতিবন্ধকতার মুখে পড়ছিলেন।
ওই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যমে বিভিন্ন সাক্ষাৎকার ও সংবাদ প্রকাশ নিয়ে যোগাযোগ করছেন এবং সব সময় পেছনে থেকে দলের হয়ে কাজ করছিলেন। কিন্তু শেখ হাসিনার পক্ষে মূলধারার গণমাধ্যমে তার প্রাসঙ্গিক কোনও পরিচয় বা পদবি না থাকায় কাজ করতে অসুবিধা হচ্ছিল। তাই গোপালগঞ্জে তার বাড়ি এবং দীর্ঘ অভিজ্ঞতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে এই পদে আনা হয়েছে।’
আনুষ্ঠানিক নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সৈয়দ মোজাম্মেল আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজের নিয়োগের বিষয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে সবকিছুই বলা হয়েছে এবং নিজের নিয়োগ নিয়ে তিনি আর কোনও মন্তব্য করতে চান না।
যুক্তরাজ্যের সরকারি কোম্পানি নিবন্ধনসংক্রান্ত নথি অনুযায়ী, ১৯৪৯ সালের জানুয়ারিতে জন্মগ্রহণ করা সৈয়দ মোজাম্মেল আলী একজন ব্রিটিশ নাগরিক এবং তিনি দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের সারে কাউন্টিতে বসবাস করেন। তিনি বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক এবং শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর ছোট ভাই। কয়েক দশক ধরে মোজাম্মেল আলী দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি, মানবাধিকার এবং বাংলাদেশের ইতিহাস নিয়ে লেখালেখি ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ব্রিটিশ-বাংলাদেশি নাগরিক ও ব্যবসায়ী মহলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কূটনৈতিক মহলে তিনি লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনসহ যুক্তরাজ্যে দলটির অন্যতম প্রভাবশালী নেপথ্যের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘স্টাডি সার্কেল লন্ডন’-এর চেয়ারম্যান হিসেবে তিনি যুক্তরাজ্য এবং ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার ও উন্নয়ন নিয়ে অসংখ্য সেমিনার ও নীতিনির্ধারণী আলোচনার আয়োজন করেন। এসব প্ল্যাটফর্মের পাশাপাশি বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত মতামত কলামের মাধ্যমে তিনি নিয়মিত সাবেক সরকারের নীতিমালার পক্ষে অবস্থান নিতেন এবং তার দলের বিরুদ্ধে ওঠা আন্তর্জাতিক সমালোচনার জবাব দিতেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর মোজাম্মেল আলী আরও প্রকাশ্যে সামনে আসেন এবং শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের পক্ষে বিবৃতি দিতে শুরু করেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো শেখ হাসিনার দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার পরপরই মোজাম্মেল আলীর আনুষ্ঠানিক পদবির বিষয়টি সামনে আসে। মুখপাত্র হিসেবে দেওয়া ওই বক্তব্যে তিনি জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের স্মারক হিসেবে পালিত আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা।
মোজাম্মেল আলী উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নেওয়া হয়েছিল, তাই এখন তিনি নয়াদিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করতে ঢাকায় বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, সাবেক এই প্রধানমন্ত্রীর কাছে বর্তমানে কোনও বৈধ পাসপোর্ট বা সাধারণ ভ্রমণ নথিপত্র নেই, যা তার প্রচলিত উপায়ে সীমান্ত অতিক্রমের বিষয়টিকে জটিল করে তুলেছে। মোজাম্মেল আলী যুক্তি দিয়েছেন—বিশেষ পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসনে পাঠানোর পর এখন বিজয় দিবসে তার দেশে ফেরা নিশ্চিত করা বাংলাদেশ কর্তৃপক্ষেরই দায়িত্ব।
এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণা ঢাকায় তীব্র রাজনৈতিক ও আইনি বিতর্কের জন্ম দিয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক অনুপস্থিতিতে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ঢাকার সরকারি কর্মকর্তারা পুনর্ব্যক্ত করেছেন যে, দেশে ফিরলেই তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হবে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনও ফ্লাইটে নয়; বরং কেবল আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাকে ফিরিয়ে আনা হতে পারে।