বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির অতীতের দিকে তাকালে দেখা যায়, একেকটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক শুধু সাংগঠনিক দায়িত্ব পালনেই সীমাবদ্ধ ছিলেন না; নিজেদের নেতৃত্বের দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা, ব্যক্তিগত ভাবমূর্তি এবং কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে তারা ছাত্রসমাজেও আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। অনেকের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নেতাকর্মীদের মুখে নাম উচ্চারিত হতো জোড়ায় জোড়ায়। বাবলু-নীরু, আমান-খোকন, মিলন-পিন্টু, পিন্টু-লাল্টু, হেলাল-বাবু, টুকু-আলিম, জুয়েল-হাবিব কিংবা রাজিব-আকরাম—একেকটি নাম যেন ছাত্রদলের একেকটি রাজনৈতিক সময়ের প্রতিনিধিত্ব করে।
সময়ের ব্যবধানে সেই নেতৃত্বের অনেকেই এখন বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে, কেউ সরকারের দায়িত্বে, কেউ সংসদ সদস্য। আবার কয়েকজন প্রয়াত, কেউ দলীয় রাজনীতিতে নিষ্ক্রিয় কিংবা দল থেকে বিচ্ছিন্ন। তাদের বর্তমান অবস্থান পর্যালোচনা করলে ছাত্রদলের নেতৃত্ব থেকে বিএনপির মূলধারার রাজনীতিতে উত্থান-পতনের একটি চিত্র পাওয়া যায়।
বাবলু-নীরু: কিংবদন্তির শুরু
আশির দশকে সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলের সবচেয়ে আলোচিত দুই নাম ছিলেন মাহবুবুল হক বাবলু ও সানাউল হক নীরু। তাদের সাংগঠনিক দক্ষতা ও রাজপথের সক্রিয়তা ছাত্রদলকে ক্যাম্পাসের গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর ছাত্রসমাজে পরিচিত করে তোলে। ১৯৮৭ সালের ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে গুলিবিদ্ধ হওয়ার পর বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত বাবলু পরদিন হাসপাতালে মারা যান। ছাত্রদলের ইতিহাসে তিনি অন্যতম শ্রেষ্ঠ সংগঠক হিসেবে স্মরণীয় হয়ে আছেন। অন্যদিকে নীরু পরবর্তী সময়ে বিএনপির সঙ্গে সম্পর্ক হারান। বিএনপির দীর্ঘকালীন চেয়ারপার্সন খালেদা জিয়ার এক সময়ের অত্যন্ত স্নেহধন্য নীরু রাজনীতির ঘোলাজলে পথ হারিয়ে এখন বিএনপির রাজনীতির বাইরে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বাবলু-নীরু
দুদু-জালাল, দুদু-বাবলু ও রিপন: ছাত্রদলের দুই সভাপতি, বিএনপির রাজনীতিতে দুজনই সক্রিয়
আশির দশকে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে আলোচিত নাম শামসুজ্জামান দুদু, মাহবুবুল হক বাবলু ও ড. আসাদুজ্জামান রিপন। দুদু ১৯৮৫ ও ১৯৮৬ সালে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। তার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন জালাল আহমেদ। পরবর্তী সময়ে দুদু বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। চুয়াডাঙ্গা থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই নেতা কৃষক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান।

১৯৯০ সালে ডাকসু নির্বাচনে জয়ের পর ভিপি আমান-জিএস খোকন
অন্যদিকে, দুদু নেতৃত্বাধীন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন জালাল আহমেদ। এরপর ১৯৮৭ সালে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিও হন। জালালের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মাহবুবুল হক বাবলু। কিন্তু কেন্দ্রীয় সভাপতি হিসেবে ছাত্রদলের রাজনীতি জালালকে বেশিদিন ধরে রাখতে পারেনি। জালাল আহমেদকে বিএনপির রাজনীতিতে ‘রাজনৈতিক বেঈমান’ হিসেবে দেখা হয়। অভিযোগ আছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালে তিনি স্বৈরাচার এরশাদের সঙ্গে সমঝোতা ও আঁতাত করেন। পরবর্তীতে এরশাদের জাতীয় পার্টিতেও যোগ দেন। জাতীয় পার্টিতে তার যোগদানের পরপরই ছাত্রদলের তুমুল জনপ্রিয় ছাত্রদল নেতা মাহবুবুল হক বাবলু ১৯৮৭ সালের ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে নিহত হন। বাবলুকে বলা হয়, ছাত্রদলের রাজনীতির ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও সাংগঠনিক দক্ষতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী ছাত্রনেতা হিসেবে।
জালাল ছাত্রদল থেকে চলে যাওয়ার পর সভাপতির দায়িত্ব পান আসাদুজ্জামান রিপন। রিপনের সঙ্গেও সাধারণ সম্পাদক ছিলেন বাবলু। রিপন ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। পরবর্তী সময়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশেষ সম্পাদকের দায়িত্ব পালন করেন। একসময় দলীয় রাজনীতিতে কিছুটা নিষ্ক্রিয় থাকলেও পরে আবার সক্রিয় হন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে যুক্ত এবং দলটির কূটনৈতিক কার্যক্রমেও ভূমিকা রাখছেন।
আমান-খোকন: ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে
নব্বইয়ের দশকে ছাত্রদলের রাজনীতিতে আলোচিত নাম আমানউল্লাহ আমান ও খায়রুল কবির খোকন। আমান ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পরে আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তিনি ডাকসুর ভিপিও নির্বাচিত হন।

সোহেল-পিন্টু কমিটির পর ফুল দিয়ে বরণ
১৯৯০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে আমানউল্লাহ আমান ভিপি এবং খায়রুল কবির খোকন জিএস নির্বাচিত হন। সেই নির্বাচনে ভিপি পদে আমানউল্লাহ আমান ৭ হাজার ৩৮৯ ভোট, জিএস পদে খায়রুল কবির খোকন ৭ হাজার ১৯১ ভোট এবং এজিএস পদে নাজিম উদ্দিন আলম ৭ হাজার ৮১ ভোট পেয়ে বিজয়ী হন। ছাত্রদল ওই নির্বাচনে ডাকসুর কেন্দ্রীয় ২০টি পদেই জয়লাভ করে।
ডাকসু নির্বাচনে ভিপি আমানউল্লাহ আমান ও জিএস খায়রুল কবির খোকনের নেতৃত্বাধীন ছাত্রদল প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করার পর স্বৈরাচার বিরোধী আন্দোলন তুমুল বেগবান হয়। এর প্রায় ছয় মাস পর ৬ ডিসেম্বর সামরিক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতন ঘটে। অর্থাৎ এরশাদ বিরোধী আন্দোলনের উত্তাল সময়েই ডাকসুর নেতৃত্বে এসেছিলেন আমান-খোকন জুটি।
পরবর্তী সময়ে ছাত্রদলের সাবেক এসব নেতা সংসদ সদস্য, প্রতিমন্ত্রী এবং বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতায় আমান উল্লাহ আমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে খায়রুল কবির খোকন ডাকসুর সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্ররাজনীতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নরসিংদীর রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন। তিনি বিএনপির কেন্দ্রীয় রাজনীতির পাশাপাশি নির্বাচনী রাজনীতিতেও সক্রিয় এবং ২০২৬ সালের সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

গত আওয়ামী লীগের আমলে জাতীয় প্রেসক্লাব চত্বর থেকে প্রয়াত শফিউল বারীকে আটক করেছিল গোয়েন্দা পুলিশ। আলোচিত সেই ছবি (ফাইল ফটো)
মিলন-পিন্টু ও পিন্টু-লাল্টু: উত্থান, পতন ও বিচ্ছিন্নতা
ছাত্রদলের পরবর্তী নেতৃত্বে ফজলুল হক মিলন ও নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নাম আলোচিত হয়। মিলন ছাত্রদলের সভাপতি ছিলেন ১৯৯২ সালে। বর্তমানে তিনি গাজীপুর জেলা বিএনপির সভাপতি এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য। অন্যদিকে পিন্টু ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক এবং ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত সভাপতি ছিলেন। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকও ছিলেন তিনি। তবে ২০১৫ সালের ৩ মে কারাগারে তার মৃত্যু হয়।
পিন্টু-লাল্টু জুটি ছাত্রদলের মিলেনিয়াম জুটি হিসেবে আলোচিত। সাহাবুদ্দিন লাল্টু ২০০২ সালের পরবর্তী সময়ে সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেন। কিন্তু ছাত্রদলের নেতৃত্ব ছাড়ার পর বিএনপির মূল রাজনীতিতে অবস্থান তৈরি করতে পারেননি লাল্টু। দলীয় রাজনীতিতে মতবিরোধ, নিজের অভিমান ও অভ্যন্তরীণ বিরোধের কারণে তিনি রাজনীতি থেকে দূরে সরে যান। ২০০৮ সাল থেকে কানাডায় অবস্থান করছেন বলে বিএনপিতে তার ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা যায়।
এ্যানি-সোহেল: একই কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, দুজনই বিএনপির যুগ্ম মহাসচিব
১৯৯৬ সালের শেষের দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তার নেতৃত্বাধীন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন হাবিব উন নবী খান সোহেল। ১৯৯৮ সাল পর্যন্ত এ্যানী সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর সোহেল কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পান এবং ২০০০ সাল পর্যন্ত সংগঠনটির নেতৃত্ব দেন। ছাত্ররাজনীতির এই জুটি পরবর্তী সময়ে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতেও নিজেদের অবস্থান সুসংহত করেন। এ্যানি লক্ষ্মীপুর-৩ আসন থেকে ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে বর্তমানে সরকারের পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিবও।

পিন্টুকে পুলিশ টেনে-হেঁচড়ে নিয়ে যাচ্ছে। বিএনপি যখন বিরোধী দলে।
অন্যদিকে, ছাত্রদলের সভাপতি হওয়ার পর সোহেল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এই নেতা বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব। অর্থাৎ, যে কমিটিতে এ্যানি সভাপতি ও সোহেল সাধারণ সম্পাদক ছিলেন, সময়ের পরিক্রমায় সেই দুই ছাত্রনেতাই এখন বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাদের একজন দায়িত্ব পালন করছেন মন্ত্রিসভায়, অন্যজন দলের সাংগঠনিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
হেলাল-বাবু: একজন সংসদে, অন্যজন প্রয়াত
২০০৩-০৪ মেয়াদে সাহাবুদ্দিন লাল্টুর পরবর্তী নেতৃত্বে ছিলেন আজিজুল বারী হেলাল। পরবর্তী সময়ে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন শফিউল বারী বাবু। তাদের নামও ছাত্রদলের নেতাকর্মীদের কাছে একসঙ্গে পরিচিত ছিল। বাংলাদেশের তথা বিএনপির রাজনীতির জন্য অত্যন্ত কঠিনতম ক্রান্তিকাল হিসেবে পরিচিত ‘ওয়ান ইলেভেন’ বা এক-এগারোর সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে কাঙ্ক্ষিত সাংগঠনিক দক্ষতা দেখাতে ব্যর্থ হওয়ায় দীর্ঘদিন দলীয় রাজনীতিতে অনালোচিত হলেও হেলাল বর্তমানে বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য। অন্যদিকে শফিউল বারী বাবু পরবর্তী সময়ে বিএনপির আরেক অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হন। ২০২০ সালের ২৮ জুলাই তার মৃত্যু হয়। বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী কোটায় বাবুর স্ত্রীকে বিএনপি সংসদ সদস্য হিসেবে মনোনয়ন ও নির্বাচিত করেছে।
টুকু-আলিম: ছাত্রদল থেকে সরকার ও সংসদে
২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু। ওই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন আমিরুল ইসলাম খান আলিম। দুজনই পরবর্তী সময়ে বিএনপির রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করেন। টুকু বিএনপির প্রধানতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলেরও শীর্ষ নেতৃত্বে ছিলেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। একই কমিটির সাধারণ সম্পাদক আলিম সিরাজগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নেতৃত্বের উত্তরাধিকার কোথায়?
সাবেক ছাত্রদল নেতাদের বর্তমান অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায়, সংগঠনটির নেতৃত্ব বিএনপির জন্য এখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক জনশক্তি বা কর্মীশক্তি। কেউ মন্ত্রিসভায়, কেউ সংসদে, কেউ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে জায়গা পেয়েছেন। তবে সবাই একইভাবে মূলধারায় প্রতিষ্ঠিত হতে পারেননি। কারও রাজনৈতিক জীবন থেমেছে মৃত্যুতে, কারও বিচ্ছিন্নতায়, আবার কেউ প্রবাসে।
একসময় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম জোড়ায় জোড়ায় উচ্চারিত হওয়ার পেছনে ছিল তাদের সাংগঠনিক গ্রহণযোগ্যতা, ব্যক্তিগত জনপ্রিয়তা এবং রাজপথে দৃশ্যমান নেতৃত্ব। বর্তমান ছাত্রদলের রাজনীতিতে সেই ধরনের যুগল নেতৃত্বের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। সংগঠনটির নেতৃত্ব এখনো বিএনপির ভবিষ্যৎ রাজনীতির গুরুত্বপূর্ণ উৎস হলেও অতীতের মতো ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে জাতীয় পর্যায়ে পরিচিত নেতৃত্ব তৈরি হচ্ছে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

ঢাবিতে সুলতান সালাউদ্দিন টুকুর ওপর হামলা
নেতৃত্বের মাধ্যমে ছাত্রদল বা সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে আগের মতো সংগঠনটির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব নিজেদের সাংগঠনিক শ্রেষ্ঠত্ব দেখাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে কিনা, বা সঠিক নেতৃত্ব বাছাইয়ে বিএনপির হাইকমান্ডের দূরদর্শিতার অভাব রয়েছে কিনা এমন জিজ্ঞাসার জবাবে রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ড. এমরান হুসাইন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একথা অনেকটা ঠিক আগের মতো ছাত্রদলের নেতৃত্ব সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে বা দিচ্ছে। আগে সংগঠনটির নেতৃত্বের নাম জোড়ায় জোড়ায় শুধু ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে নয়, সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছেও উচ্চারিত হত; তাদের জনপ্রিয়তাই এর কারণ ছিল। এখন আগের মতো হয় না। কিন্তু এর পেছনে আসলে কাজ করছে স্পেসের বা সময়-সুযোগের অভাবও। বিগত ফ্যাসিবাদী শাসনামলে তাদের নেতৃত্ব বিকাশে সুযোগ দেওয়া হয়নি। দীর্ঘ সময় ছাত্রদল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করার সুযোগই পায়নি। সে কারণে ছাত্রদলের নেতৃত্ব তাদের পারফর্মেন্স দেখাতে পারেনি।
উদাহরণ টেনে ড. এমরান বলেন, মনে করুন, মাত্র কিছুদিন আগেও দৌরাত্ম্য দেখানো ছাত্রলীগ কি আজ নিজেদের কোনো কর্মকাণ্ড দেখাতে পারছে? পারছে না। কারণ তারা নিষিদ্ধ। তাদের স্বাভাবিক রাজনীতি করার কোনো সুযোগ নেই। সে কারণে তাদের নেতৃত্বেরও ধারাবাহিকতা ক্ষুণ্ন হচ্ছে এবং আরও হবে। যেভাবে ছাত্রদলকে তারা স্বাভাবিক রাজনীতি করতে দেয়নি। যার কারণে ছাত্রদলের নেতৃত্ব বিকশিত হতে পারেনি।
ড. এমরান বলেন, এমন নেতিবাচক পরিস্থিতির কারণে ছাত্রদলের সঠিক নেতৃত্বের বিকাশ হতে পারেনি। সেই কারণে বাবলু-নীরু, দুদু, রিপন, আমান-খোকন, টুকু-আলিমদের মতো শীর্ষ নেতৃত্বরা মানিক জোড় হিসেবে ছাত্রদলের পরবর্তী নেতৃত্বরা দেখাতে পারেনি। এই ব্যর্থতা একটু সময় নিলেও কেটে যাবে। এজন্য হাইকমান্ডকে ভালো ইমেজ সম্পন্ন ও ছাত্রদের মাঝে গ্রহণযোগ্য নেতৃত্ব বেছে দায়িত্বে আনতে হবে।