Image description

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রামেক শাখা কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। 

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী ও চিকিৎসকদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ গোপনে ছাত্রলীগকে মদদ দিচ্ছে।

অবরুদ্ধ থাকা দুজন হলেন- রামেক শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি ডা. শুভ সরকার এবং সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা।

দুপুর ১২টার দিকে এই দুই সাবেক নেতাকে অবরুদ্ধ করার পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও চিকিৎসকরা পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। এ ঘটনায় হাসপাতাল চত্বরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, তারা ২ বছরের জন্য বহিষ্কৃত ছিল। আজ ইন্টার্নশিপের আবেদনের জন্য এসেছিল। পরিচালকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার সময় অবরুদ্ধ হয় তারা। তাদেরকে রাজপাড়া থানায় সোপর্দ করার কার্যক্রম চলছে।