Image description

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার পদত্যাগের পর থেকে দলটির ভেতরে-বাইরে নানা আলোচনা চলছে। যার বড় একটি প্রসঙ্গ, জামায়াতে ইসলামীর সঙ্গে দলটির সখ্য। প্রশ্ন উঠছে, এনসিপি কি পুরোপুরি জামায়াতের প্রভাব বলয়ে চলে গিয়েছে, নাকি দলটি জামায়াতের সঙ্গে মিশে যাবে? ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের একটি অংশের উদ্যোগে আত্মপ্রকাশ করা দলটিকে নিয়ে কেন এই আলোচনা? এর পেছনের রাজনৈতিক হিসাব-নিকাশ কী?

 

২০২৫ সালের ফেব্রুয়ারিতে এনসিপি আত্মপ্রকাশের সময় নিজেদের রাজনৈতিক পরিচয় হিসেবে যে বিষয়গুলো সামনে এনেছিল তা হলো- নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বৈষম্যহীন বাংলাদেশ, গণতান্ত্রিক সংস্কার, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান; প্রচলিত রাজনৈতিক দলগুলোর বাইরে নতুন নেতৃত্ব তৈরি; জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। অন্যদিকে, জামায়াতের রয়েছে নিজস্ব ইসলামভিত্তিক রাজনৈতিক আদর্শ ও সাংগঠনিক কাঠামো।

 

জামায়াতের সঙ্গে জোট, এনসিপিতে বিরোধ কেন?

 

এনসিপি ও জামায়াতে ইসলামীর সম্পর্ক নিয়ে বিতর্কের মূল কারণ হলো- এনসিপি নতুন, তরুণ ও প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে একটি দল হিসেবে নিজেদের দাবি করেছিল। সেই দলটি এখন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোটের অংশ। এ কারণে প্রশ্ন উঠেছে, এনসিপি কি কেবল নির্বাচনী ও রাজনৈতিক প্রয়োজনে জামায়াতের সঙ্গে আছে, নাকি ধীরে ধীরে জামায়াতের রাজনৈতিক বলয়ের মধ্যে ঢুকে নিজস্ব পরিচয় হারিয়ে ফেলছে?

 

এনসিপি এখনো সারা দেশে তৃণমূল পর্যায়ে শক্ত কাঠামোর গড়ে তুলতে পারেনি। ফলে তৃণমূলে নিজস্ব কর্মী, সমর্থক ও স্থানীয় নেতৃত্ব জামায়াতের মতো বড় দলের রাজনৈতিক পরিচয়ের আড়ালে ঢেকে যাচ্ছে। দলটি জামায়াতের সঙ্গে নির্বাচনী ঐক্যে গেলে এনসিপির ভেতরের অনেকেই বিষয়টি মানতে পারেনি। একটি অংশ প্রকাশ্যে আপত্তিও জানায়। তখন এনসিপির প্রায় ৩০ জন কেন্দ্রীয় নেতা জামায়াতের সঙ্গে নির্বাচনী জোটের বিরোধিতা করেন। তারা আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিত আপত্তিও জমা দেন।

 

তাদের আপত্তির অন্যতম কারণ ছিল, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা। বাংলাদেশের স্বাধীনতাবিরোধী অবস্থান, মুক্তিযুদ্ধকালীন অপরাধ ও সেসব বিষয়ে জামায়াতের অবস্থান। জুলাই অভ্যুত্থানের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে জামায়াতের রাজনৈতিক পরিচয়ের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন ওঠে। তাদের যুক্তি ছিল, এনসিপির জন্ম যে রাজনৈতিক ও ঐতিহাসিক আকাঙ্ক্ষা থেকে, জামায়াতের সঙ্গে জোট তার সঙ্গে সাংঘর্ষিক।

 

ওই সময় এনসিপি থেকে অনেকে পদত্যাগ করেন। আর সবশেষ দল থেকে পদত্যাগ করেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

 

গত নির্বাচনের আগে জামায়াতের সঙ্গে সমঝোতার পর এনসিপির পরিচিত মুখ সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. তাসনিম জারা দল ছেড়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। এটি ছিল এনসিপির জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা। কারণ তাসনিম জারা ছিলেন দলটির পরিচিত নেতৃত্বের একজন। তার দলত্যাগের ঘটনা প্রমাণ করে, জোটের সিদ্ধান্ত নিয়ে আপত্তি শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ ছিল না।

 

তবে ‘নতুন রাজনীতির’ কথা বলে দলটি যখন জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট করল তখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, “এটি আদর্শিক জোট নয়; নির্বাচনী সমঝোতা। তার বক্তব্যের মূল কথা ছিল, এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন। বৃহত্তর রাজনৈতিক শক্তির সঙ্গে নির্বাচনী সমঝোতা প্রয়োজন। এনসিপির নিজস্ব লক্ষ্য ও আদর্শ অপরিবর্তিত থাকবে। আপাতত নির্বাচনী সহযোগিতাই মূল উদ্দেশ্য।”

 

কেন জামায়াত জোটে?

 

রাজনৈতিক মহলে প্রশ্ন, যে দল পুরনো রাজনৈতিক সংস্কৃতির বাইরে নতুন রাজনীতির কথা বলেছিল, তারা কেন জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় গেল? দলীয় সূত্রগুলো বলছে, গত নির্বাচনের আগে দেশজুড়ে এনসিপির সাংগঠনিক ভিত্তি দুর্বল ছিল। জামায়াতের শক্তিশালী সংগঠন নির্বাচনে সুবিধা দেবে- এই চিন্তা থেকেই দলটির নেতারা জোটে গিয়েছিল। এ ছাড়া, সমঝোতার ফলে সব আসনে প্রার্থী না দিয়ে নির্বাচিত কিছু আসনে শক্তি কেন্দ্রীভূত করার সুযোগ তৈরি তাদের সামনে আসে। যদিও বেশ কিছু আসনে জোটের বাইরেও এনসিপির প্রার্থী ছিল। দলটির নেতারা সংসদে একা থাকার পরিবর্তে একটি বড় জোটের অংশ হওয়াকে সুবিধাজনক মনে করেছিলেন।

 

কিছুদিন আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপি নেতাদের মনোমালিন্য তৈরি হয়েছে বলে খবর চাউর হয়। যদিও এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব চরচাকে ওই খবর নাকচ করে দিয়ে বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে সংগঠনকে শক্তিশালী করা, এ জন্য আমরা এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের সঙ্গে আমরা কর্মসূচি চলমান রাখব।”

 

জামায়াতের দিকে ঝুঁকেই থাকবে এনসিপি?

 

তাহলে কি জামায়াতের জোটে থেকে তাদের প্রভাব বলয়েই থেকে যাবে এনসিপি? এই প্রশ্নের জবাব পাওয়া যায় দলটি ছেড়ে আসা নেতাদের বক্তব্যে। পদত্যাগ করা সামান্তা শারমিনেরও অভিযোগ, এনসিপি ধীরে ধীরে নিজের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান হারিয়ে অন্য একটি রাজনৈতিক শক্তির প্রভাব বলয়ে চলে যাচ্ছে।

 

এক প্রশ্নের জবাবে দল ছেড়ে যাওয়া খান যুগ্ম মুখ্য সমন্বয়ক মুহাম্মদ মুরসালীন চরচাকে বলেন, “এই দলটি জামায়াতে বিলীন হয়তো হয়ে যাবে না। তবে পুরনো ধারার যে রাজনীতি তা থেকে বের হতে পারবে না।” তিনি বলেন, ‘‘দলটি বড় দল (জামায়াত) দ্বারা অনেক বেশি প্রভাবিত থাকবে।”

 

একই প্রশ্নে সামান্তা বলেন, ‘‘এটা পুরোপুরি বলা যায় না। তবে এটার সম্ভাবনা তৈরি হচ্ছে। এটা ঠেকানো দরকার। এটা যদি বিলীন হয় সেটা আমাদের কারো জন্যই সুখকর নয়। এনসিপি জোটে থাকার কারণে অনেকগুলো চাপ বোধ করছে যেটা জোটে থাকার কারণে বলতেই পারছে না।”

 

এনসিপির দল থেকে চলে যাওয়া নেতাদের আরেকটি অভিযোগ, দলটির প্রতিষ্ঠাকালীন রাজনৈতিক দর্শন ও বর্তমান রাজনৈতিক কৌশলের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

 

দলটির যাত্রার সময় মধ্যপন্থী রাজনীতি, গণতান্ত্রিক সংস্কার, নতুন সংবিধানিক কাঠামো, নারী ও বিভিন্ন জাতিসত্তার অংশগ্রহণ এবং প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের কথা বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই লক্ষ্যগুলো দুর্বল হয়েছে। দল ছেড়ে যাওয়া নেতারা মনে করেন, দলটি আগের অবস্থানে থাকলে বিএনপির বাইরে একটি বিকল্প শক্তি হওয়ায় সুযোগ ছিল।

 

খান মুহাম্মদ মুরসালীন চরচাকে বলেন, ‘‘যে জনআকাঙ্ক্ষা নিয়ে এনসিপি গঠিত হয়েছিল, তাদের উচিত ছিল একটি সমর্থকগোষ্ঠী তৈরি করা। এটা তারা করেনি।” বিষয়টিকে তিনি দলটির ‘সবচেয়ে বড় ব্যর্থতা’ বলে মনে করেন। আরও বলেন, ‘‘তারা আসলে আগের রাজনৈতিক বন্দোবস্তেরই একটি অংশীজন হয়েছে মাত্র।”

 

আলোচনায় নেত্রীদের পদত্যাগ?

 

এনসিপির ভেতরে-বাইরে এখন আলোচনার বিষয় হলো, একে একে নেতাদের পদত্যাগ। এনসিপি যখন নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে, তখন দলটির অন্যতম প্রতিশ্রুতি ছিল প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বাইরে গিয়ে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক ধারা তৈরি করা। তাসনিম জারা ও তাজনূভা জাবীনদের জামায়াত জোটে যাওয়া নিয়ে আপত্তি প্রমাণ করে এটা শুধু একটি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা নিয়ে ছিল না। বরং জোটের রাজনৈতিক তাৎপর্য, সময় এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়েও ছিল। তাদের আশঙ্কা ছিল, নির্বাচনের আগেই বড় একটি রাজনৈতিক শক্তির সঙ্গে জোট করলে এনসিপি নিজের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় গড়ে তোলার সুযোগ হারাবে।

 

জারা, জাবীন ও সামান্তা এই তিন নেতার পদত্যাগ একটি রাজনৈতিক বার্তাও দিয়েছে। তা হলো- এনসিপি কোন ধরনের রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়, তা নিয়ে দলের ভেতরে মতপার্থক্য তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে দলের নেতা-কর্মীদের মতামত ও সাংগঠনিক প্রক্রিয়া কতটা অনুসরণ করা হচ্ছে, তা নিয়ে অসন্তোষ আছে। নারীদের উপস্থিতি এবং বাস্তব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার মধ্যে ব্যবধান রয়েছে কি না?

 

দল থেকে সদ্য পদত্যাগ করে সামান্তা একটি প্রশ্ন তুলেছেন। পদত্যাগের পর এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘‘এনসিপি যখন জামায়াতকে সংস্কারের পথে বন্ধু মনে করেছে, তখন বাংলাদেশের সাধারণ মানুষ, যারা স্বভাবজাত কারণেই উদার, গণতান্ত্রিক, যারা সংস্কারের প্রকৃত শক্তি, তারা সংস্কারের রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। এনসিপির নিজস্ব ও রাজনৈতিক লাইন স্পষ্ট না থাকায় জামায়াতের মধ্যে এনসিপিকে হারিয়ে যেতে হচ্ছে এবং জামায়াতের জন্য নানান ইস্যুতে প্রতিক্রিয়ামূলক ও সহায়ক ভূমিকা নিতে হচ্ছে।”

 

সিদ্ধান্ত গ্রহণে গণতন্ত্রের ঘাটতির অভিযোগ

 

নারীদের পদত্যাগের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে অসন্তোষ। তাজনূভা অভিযোগ করেছেন, জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় দলের ভেতরে আস্থার সংকট তৈরি হয়েছিল। তার বক্তব্য, অন্য রাজনৈতিক বিকল্পগুলো ক্রমশ সংকুচিত করে এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যেখানে শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে জোট ছাড়া আর কোনো পথ খোলা থাকেনি। তার আপত্তি ছিল, একটি নতুন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো অবশ্যই আলোচনা, মতামত গ্রহণ এবং সাংগঠনিক ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত।

 

সামান্তাও দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, দলীয় কাউন্সিল ছাড়াই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পুনর্গঠন নিয়ে। এতে নেতৃত্ব নির্বাচন ও সাংগঠনিক জবাবদিহির ক্ষেত্রে স্বচ্ছতা ক্ষুণ্ন হয়। অর্থাৎ, তাদের কাছে সংকটটি শুধু রাজনৈতিক জোটের নয়; বরং দলটি নিজের ভেতরে কতটা গণতান্ত্রিক চর্চা করছে, সেটিও বড় প্রশ্ন।

 

এনসিপির বিভিন্ন পর্যায়ের কমিটিতে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের গুরুত্বপূর্ণ পদ পাওয়ার ঘটনাও সামনে এসেছে। নোয়াখালীর সুবর্ণচরে জামায়াতের সাবেক রুকনকে (সদস্য) উপজেলা কমিটির আহ্বায়ক করে এনসিপি। বরিশাল মহানগর কমিটিতেও জামায়াতের সাবেক দুই নেতা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিয়েছেন। সবশেষ বগুড়ায় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের একটি অংশের এনসিপিতে যোগ দেওয়ার খবর প্রকাশিত হয়।

 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা এনসিপির ২৩ সদস্যের আহ্বায়ক কমিটিতে জামায়াতের সাবেক রুকন (সদস্য) আবদুল মান্নানকে আহ্বায়ক করা হয়। গত ২৭ অক্টোবর ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেয় নোয়াখালী জেলা এনসিপি। আবদুল মান্নান জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুবর্ণচর উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।

কমিটি ঘোষণার পর পদত্যাগ করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার দিদারুল আলম। তার অভিযোগ, সংগঠনের সঙ্গে আগে থেকে যুক্ত থাকলেও সম্প্রতি যুক্ত হওয়া ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।

 

গত জুলাইয়ে এনসিপির বরিশাল মহানগর কমিটিতে জামায়াতের সাবেক দুই নেতা এম আনোয়ার হোসেন ও জাকির হোসেন গুরুত্বপূর্ণ পদ পান। তাদের মধ্যে আনোয়ারকে সদস্য সচিব এবং জাকিরকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব করা হয়। জাকির বরিশাল জেলা জামায়াতের সাবেক রুকন ছিলেন।

 

এদিকে, গত ১৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক দুই সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতসহ বিভিন্ন সংগঠনের ৪৫ জন নেতা-কর্মী এনসিপিতে যোগ দেন। তাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপ বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতা-কর্মীরাও ছিলেন।

 

এসব ঘটনার বিষয়ে বক্তব্য জানতে এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়। তবে তারা সাড়া দেননি।

 

জামায়াতের সঙ্গে জোট ছাড়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তার ভাষ্য, জামায়াতের সঙ্গে তাদের জোট নির্বাচনকালীন। জোটে থাকলেও দলগুলো নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড ও কর্মসূচি আলাদাভাবে পরিচালনা করছে।

 

চরচাকে নুসরাত বলেন, “জোট জোটের মতো সংসদে আছে। আমরা আমাদের মতো রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করছি। জোটে থাকলেই যে দুটি দল এক হয়ে যাবে এমনটা নয়।”