আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে ‘মব’ বা গণপিটুনির পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন কক্সবাজার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য রাশেদ মোহাম্মদ আলী। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে মবের প্রয়োজন আছে। মব ছাড়া তাদের দমন করা যাবে না।
মঙ্গলবার রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই নেতা।
পোস্টে রাশেদ মোহাম্মদ আলী আওয়ামী লীগের গত সাড়ে ১৫ বছরের শাসনামলকে কর্তৃত্ববাদী হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ, ওই সময়ে দেশে গুম, খুন, মামলা-হামলা ও ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের মিথ্যা ও গায়েবি মামলায় হয়রানি, বাড়িঘরে থাকতে না পারা এবং কারাভোগের কথাও তুলে ধরেন তিনি।
তিনি দাবি করেন, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর আওয়ামী লীগ প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। চলতি মাস থেকেই সরকারকে অস্থিতিশীল করতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনাকে ছোট করে না দেখার আহ্বান জানান বিএনপির এই নেতা।
আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই উল্লেখ করে তিনি লেখেন, আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের কোনো সুযোগ নাই। এটা ঐতিহাসিক সত্য।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বানও জানান তিনি।
স্ট্যাটাসের সবচেয়ে আলোচিত অংশে রাশেদ মোহাম্মদ আলী লেখেন, ক্ষমা করবেন, আমি মবের পক্ষে। অন্তত ফ্যাসিবাদের বিরুদ্ধে মবের প্রয়োজন আছে। মব ছাড়া এদের দমন করা যাবে না।
এ ছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের ভাগ্য ২০২৪ সালের চেতনা ধারণকারী জনগণের হাতে ছেড়ে দেওয়ার কথা বলেন তিনি। সরকারি ব্যবস্থার ভেতরেও আওয়ামী লীগের লোকজন রয়েছে বলে দাবি করে তাদের নিয়ন্ত্রণে সরকারি ব্যবস্থার ওপর নির্ভর না করার মত দেন।
বিএনপি নেতার এই বক্তব্যে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে।