Image description

চট্টগ্রামে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে বিএনপির দুই নেতার অনুসারীদের মধ্যে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তারা শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন।

আজ শনিবার বিকালে রাউজান উপজেলায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গেটের অদূরে এ ঘটনা ঘটে।

রাউজানের বিএনপি দলীয় সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে চলা সংঘাত পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে।

রাউজান থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম আগামীর সময়কে বলেছেন, ‘দুপক্ষ মুখোমুখি হওয়ায় বিশৃঙ্খলা হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি হয়েছে। তেমন বড় ঘটনা নয়। আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। থানায় কেউ কোনো অভিযোগ করেনি।’

পুলিশ জানায়, রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে নগরীতে ফিরছিলেন গোলাম আকবর খোন্দকার ও তার অনুসারীরা। চুয়েট গেটে আগে থেকেই অবস্থান করছিলেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা। সেখানে হামলা, মারামারির ঘটনা ঘটে।

গোলাম আকবর খোন্দকারের দাবি, হামলায় রাউজান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অন্তঃত ১৫ জন আহত হয়েছেন।

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে তিনি বললেন, স্থানীয় সংসদ সদস্যের নামে স্লোগান দিয়ে হামলা করা হয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য জানা যায়নি।