Image description

স্বৈরাচারবিরোধী আন্দোলনে ২৮ অক্টোবরসহ বিভিন্ন সময়ে লক্ষ্মীপুর ও সারা দেশে বিএনপির আন্দোলন-সংগ্রামে বিরোধী দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়নের তোতারখিল আয়েশা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশন আয়োজিত এ অনুষ্ঠানে প্রান্তিক ও অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বক্তব্যে এ্যানি চৌধুরী বলেন, ‘বিরোধী দলের ছাত্রসংগঠন কিছু বিশ্ববিদ্যালয়ে গুপ্ত ছিল, তারা ছাত্রলীগ করতো। কার সঙ্গে কার আঁতাত ছিল, তা জাতি জানে। ১৯৮৬ ও ১৯৯৬ সালে কার সঙ্গে কার আঁতাত ছিল, সবাই তা জানে। ফ্যাসিস্টদের সঙ্গে মিলে তারা ১৭৩ দিন হরতাল-অবরোধ করেনি।’

 

অনুষ্ঠানে দত্তপাড়া ইউনিয়নের প্রান্তিক, অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে ১৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। আয়োজকদের ভাষ্য, নারীদের কর্মদক্ষতা বৃদ্ধি, আয় করার সুযোগ তৈরি এবং আত্মনির্ভরশীল করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব কামরুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব, জাতীয় মহিলা সংস্থা লক্ষ্মীপুরের জেলা কর্মকর্তা আনোয়ার পাশা, চিকিৎসক ডা. বি কে দাস বিজয়, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান লিঠনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

 

লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা আহসান হাবিবের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনটি শিক্ষা, পরিবেশ, শিশুর বিকাশ, সামাজিক উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।