ফ্যাসিস্ট সরকারের দোসর ও দালালদের অতীতের চক্রান্ত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, অতীতে আপনাদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। আপনাদের ভোট ব্যাংক হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এদেশের জনগণের একটি অবিচ্ছেদ্য অংশ এবং স্বাধীন নাগরিক। আপনার বিবেককে প্রশ্ন করবেন, কোন দল ও সরকারের সময়ে আপনারা সবচেয়ে বেশি নিরাপদ ছিলেন এবং আপনাদের প্রকৃত অধিকারের পক্ষে কারা ছিল—সেটি আপনারাই বিবেচনা করবেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদী সদরের ৯৩টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের মাঝে নিজস্ব তহবিল থেকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদেশের নাগরিক হিসেবে কাকে ভোট দেবেন এবং কাকে সমর্থন করবেন, সেটি সম্পূর্ণ ভোটারদের নিজস্ব গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে খায়রুল কবির খোকন আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বিভিন্ন কৌশলে গা ঢাকা দিয়ে আছে। আমাদের নরসিংদীতেও তাদের তৎপরতা থাকতে পারে, তাই এ বিষয়ে সবাইকে সর্বাবস্থায় সতর্ক থাকতে হবে।
নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খবিরুল ইসলাম বাবুল, এম এ জলিল, হারুন-অর-রশিদ, এ কে এম গোলাম কবির কামাল ও ফারুক উদ্দিন ভূঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, ছাত্রবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদসহ জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।