Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চেয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন। জুলাই গণঅভ্যুত্থানসহ বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবদান যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মিল্লাদ হোসেন।

ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তুলে লেখেন, বিগত ১৭ বছরে ঢাকা শহরের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো ঢাকা কলেজেরও আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরাও হামলা, মামলা, জেল ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরে মিল্লাদ হোসেন লেখেন, ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পর ঢাকা শহরে আন্দোলন সচল রাখতে তারা ভূমিকা পালন করেছেন। ঢাকা শহরকে চার ভাগে ভাগ করলে একটি বৃহৎ অঞ্চলের আন্দোলনের নেতৃত্ব ঢাকা কলেজের শিক্ষার্থীদের হাতে ছিল বলেও দাবি করেন তিনি।

নিজের আহত হওয়ার ঘটনা উল্লেখ করে তিনি লেখেন, ১৯ জুলাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সামনেই তিনি গুলিবিদ্ধ হন। তার ভাষ্য অনুযায়ী, গুলি তার বুকের বাঁ পাশ দিয়ে ঢুকে পেছন দিক দিয়ে বের হয়ে যায়। ওই ঘটনার পর থেকে এখনো তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি।

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বারবার একটি নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর সামনে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। অথচ ঢাকা কলেজের নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না।

নিজেদের প্রতি এমন আচরণকে অবিচার উল্লেখ করে মিল্লাদ হোসেন পোস্টে লেখেন, আমাদের প্রতি করা অবিচারের বিচার আল্লাহ করবেন।