টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, একটি মোটরসাইকেল, নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে সখীপুর থানার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহ জেলার মো. আশরাফুল আলম (৩৯), কুমিল্লা জেলার মো. রাজু ইসলাম (৩০) ও টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের কৃষকদল নেতা হেলাল মিয়া (৪২)।
এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৪, টাঙ্গাইলের একটি আভিযানিক দল বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি কাভার্ডভ্যান ও সেটিকে পাহারা দিয়ে নিয়ে আসা একটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। পরে কাভার্ডভ্যানে বিশেষ কৌশলে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদক ও জব্দ করা মালামালসহ তাঁদের সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।