সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। পাঁচ বছর পর আবার তাদের জনগণের কাছে পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। তাই জনগণের সেবা নিশ্চিত করা এবং নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা নির্বাচিত সরকারের দায়িত্ব। গতকাল শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগ আয়োজিত ওই সভায় সব জেলার উপপরিচালক (স্থানীয় সরকার), ইউএনওসহ পৌরসভার প্রশাসকরা অংশ নেন।
মন্ত্রী বলেন, বিদ্যুৎ সমস্যার সমাধানে সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের পাশাপাশি গ্রামীণ পর্যায়ে বাড়ির ছাদেও সৌর প্যানেল স্থাপনে উৎসাহিত করতে হবে। দিনের অতিরিক্ত সৌরবিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ করে রাতে ব্যবহার করা গেলে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, পদায়ন ও পদোন্নতিতে সততা ও কর্মদক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিজ কর্মস্থলকে নিজের এলাকা মনে করে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং বিদ্যুৎ বিভাগের সচিব মিজ মিরানা মাহরুখ প্রমুখ।
দিনের ভোট রাতে নেওয়ার নির্দেশ দেবে না বিএনপি সরকার: মীর শাহে আলম
আগের সরকারের সময়ে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে অনেক কর্মকর্তা চাকরি হারিয়েছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বিএনপি সরকার কর্মকর্তাদের দিনের ভোট রাতে নেওয়া বা ডামি নির্বাচন করার মতো কোনো নির্দেশ দেবে না।
গতকাল শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে সব ইউএনও ও ডিডিদের (এলজি) নিয়ে আয়োজিত সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী উপস্থিত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের বিষয়টিও তুলে ধরেন মীর শাহে আলম। তিনি জানান, গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদে সৌর প্যানেল বসিয়ে গত তিন দিনে দুই হাজার ২০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর মধ্যে এক হাজার ইউনিট ব্যবহার করা হয়েছে। বাকি এক হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে।