Image description

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দলীয় লোকদের চাকরি দিয়ে নব্য ফ্যাসিবাদী আচরণ শুরু করেছে সরকার। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলন শুরু করলে দিল্লি, পিন্ডি কিংবা লন্ডনে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলে সাদ্দাম বলেন, প্রাথমিক পরীক্ষায় সবকিছুতে পাস করেছে, কিন্তু ভাইভা পরীক্ষায় ভেরিফিকেশনের মাধ্যমে শুধুমাত্র নিজেদের লোককে চাকরি দেওয়া হয়েছে। এই দেশের সংবিধান সকল নাগরিককে চাকরির সুবিধা দেওয়ার কথা। তাহলে কেন শুধু নিজেদের লোককে চাকরি দেওয়া হয়?

 

জুলাই আন্দোলনে নিহতদের প্রসঙ্গে সাদ্দাম বলেন, জুলাইয়ে যারা রক্ত দিয়েছে, তাদের রক্তের প্রতিদান এখনো পাইনি। তাদের রক্তের দাগ এখনো শুকায়নি।

 

তিনি আরও অভিযোগ করেন, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশন সব জায়গায় নিজেদের দলের অযোগ্য লোকদের তারা নিয়োগ দিয়েছে।

 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ একটি ট্রানজিশনাল পিরিয়ড। এসএসসিতে যে পরিমাণ শিক্ষার্থী এ প্লাস পায়, এইচএসসিতে সেই পরিমাণ পায় না। মানুষের ভবিষ্যৎ নির্ভর করে তার কর্মপরিকল্পনার ওপর। এই সময়টা একজন শিক্ষার্থীর নিজেকে গড়ে তোলার সময়।

 

পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।