লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা অমান্যসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন আদিতমারী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতারা। গতকাল সোমবার (১৭ আগস্ট) বিকেল পাঁচটায় আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলা হয়।
নেতাদের ভাষ্য, নির্বাচনের পর থেকে সংসদ সদস্য নিজের মতো করে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের শিরোনাম ছিল ‘সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন’। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব সালেকুজ্জামান প্রামাণিক। লিখিত বক্তব্যে তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে রোকন উদ্দিন দলের সঙ্গে কোনো সমন্বয় করছেন না। এ ছাড়া জাতীয় পার্টি, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, জামায়াতে ইসলাম এবং স্বার্থান্বেষী মহলের সঙ্গে যোগসাজশে ইচ্ছেমতো উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। এতে এলাকায় বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নির্বাচনের পর রোকন উদ্দিন কর্মীদের নিয়ে কোনো ধরনের মূল্যায়ন সভা বা এলাকার সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেননি। এর মধ্যে দলের কেন্দ্রীয় এবং রংপুর বিভাগীয় নির্দেশনা অমান্য করে তিনি আজ বিকেলে আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দলের নাম ভাঙিয়ে একটি বিধিবহির্ভূত সভার আহ্বান করেছেন। এ বিষয়ে মূল বিএনপি ও সহযোগী সংগঠনের মূল নেতারা কিছুই জানেন না।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনের ঘটনা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান নির্ধারিত সময় বেলা ১১টায় শেষ করা হয়। পরে বিধিবহির্ভূতভাবে নেতৃবৃন্দকে না জানিয়ে এমপির নির্দেশে দুপুরে আদিতমারী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে আরেকটি সভা করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘ইতোমধ্যে সংসদ সদস্য রোকন উদ্দিন তাঁর স্বার্থ হাসিলের জন্য আদিতমারী বিএনপিকে বিভক্ত করেছেন; নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলীয় কাঠামো ভেঙে নিজ অনুসারী তৈরি করে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছেন।’
অভিযোগের বিষয়ে রোকন উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এবং মঙ্গলবার বিকেলে আদিতমারীতে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী যে কর্মী মূল্যায়ন সভা আহ্বান করেছি, সেটা বানচালের জন্য আমার বিরুদ্ধে অসত্য অভিযোগ এনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। ওই সংবাদ সম্মেলনে উপস্থিতদের অধিকাংশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৌশলে আমার বিরোধিতা করেছেন, তাঁরা চেয়েছেন আমি যাতে এমপি নির্বাচিত না হই। এখন আমি এমপি, তাঁরা নানা অজুহাতে আমার বিরোধিতা করে চলছেন।’